২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শূণ্য পদ পূরণে জটিলতা নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশ

সদ্য পাস হওয়া ন্যাশনাল সার্ভিস নীতিমালা বাস্তবায়ন এবং মন্ত্রণালয় ও সংস্থাগুলোর শূণ্য পদ পূরণে জটিলতা নিরসনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 04:37 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য পাস হওয়া ন্যাশনাল সার্ভিস নীতিমালা বাস্তবায়ন এবং মন্ত্রণালয় ও সংস্থাগুলোর শূণ্য পদ পূরণে জটিলতা নিরসনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সচিবালয়ে সচিব সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ সাংবাদিকদের জানিয়েছেন। ন্যাশনাল সার্ভিস নীতিমালাটি পাইলট প্রকল্প হিসেবে কুড়িগ্রাম ও বরগুনা জেলা থেকে বাস্তবায়ন শুরু হবে। পরে পর্যায়ক্রমে তা সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে বেকার যুবক ও যুব মহিলাদের অগ্রাধিকার দিতে হবে জানিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, "দেশের হাজারও বেকার যুবক ও যুব মহিলা রয়েছে। অথচ জটিলতার কারণে শূণ্য পদ পূরণ করা যাচ্ছে না। বেকার সমস্যা দূর করতে এসব জটিলতা দূর করে অবিলম্বে শূণ্য পদ পূরণ করতে হবে।" আগামী দিনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে একটি পাঁচশালা পরিকল্পনা প্রণয়নের জন্যও বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। ২০০৫ সালের পর দেশে আর কোন পাঁচশালা পরিকল্পনা প্রণয়ন হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বর্তমান সরকারের আমলে দ্বিতীয় এ সচিব সভায় প্রধানমন্ত্রী সকল প্রকার ভয়ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে উঠে কাজ করার জন্য সচিবদের প্রতি আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রীর প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ ও মুখ্য সচিব আব্দুল করিম উপস্থিত ছিলেন। এর আগে বর্তমান সরকারের আমলে প্রথম সচিব সভা হয় গত ১১ জানুয়ারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/এসএইচ/২২০০ঘ.