কিশোরগঞ্জ, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হত্যা মামলায় চার সহোদরসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কিশোরগঞ্জের একটি আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওযা হয়েছে।
রোববার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম আবদুস সালাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চার সহোদর নিত্য বৈষ্ণব (৪০), জহর লাল বৈষ্ণব (৫০), যতীন্দ্র বৈষ্ণব (৫০) ও অষ্ট বৈষ্ণব (৪৬), সাধন বৈষ্ণব (২২), হারাধন বৈষ্ণব (২৫) এবং অসীম বৈষ্ণব (২১)।
এদের মধ্যে হারাধন ও নিত্য বৈষ্ণব পলাতক রয়েছেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য ১৪ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৩০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অষ্টগ্রাম উপজেলার শরীফপুর গ্রামের সুকুমার দাসের বাড়িতে আসামিরা হামলা চালিয়ে তার ভাতিজা জয়ন্ত দাসকে হত্যা করে।
এ ঘটনায় সুকুমার দাস বাদী হয়ে অষ্টগ্রাম থানায় একটি হত্যা মামলা করেন।
পুলিশ তদন্ত শেষে ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৩ ঘ.
bdnews24