বাগেরহাট, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মংলা উপজেলার সোনাখালী গ্রামে শনিবার রাতে দুর্বৃত্তদের চেতনানাশক দ্রব্য মেশানো খাবার খেয়ে এক পরিবারের সাতজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পরিবারটির কোনো কিছু খোয়া যায়নি।
রোববার ভোরে ঢাকা থেকে বাগেরহাটগামী একটি বাসের এক যাত্রীকে বাগেরহাট বাসস্ট্যান্ডে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
একই পরিবারের সাত সদস্য চিকিৎসাধীন আছেন মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এরা হলেন- আমজাদ হোসেন (৬৫), তার স্ত্রী আমেনা বেগম (৫২), দুই ছেলে বাদশা আলম (২৮) ও শেখ ইমদাদুল (২৪), মেয়ে মুসলিমা খাতুন (২৫), ভাগ্নি জাহানারা বেগম (৫৫) এবং শ্বশুর শেখ আব্দুর রশিদ (৮০)।
বাস থেকে উদ্ধার করা যাত্রী পান্না হাওলাদারকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পান্না ঝালকাঠির নলছিটি উপজেলার কৈয়া গ্রামের বজলু হাওলাদারের ছেলে। তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় জানা গেছে।
মংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর আলম জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা আমজাদ আলীর বাড়িতে ঢুকে সবার অজ্ঞাতে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে রাখে। খাবার খেয়ে বাদশা আলম ছাড়া বাড়ির সবাই অচেতন হয়ে পড়েন। পরে বাদশা আলম বাড়ি ফিরে খাবার খেয়ে বুঝতে পারেন তাতে নেশা জাতীয় কিছু একটা মেশানো রয়েছে। জ্ঞান হারানোর আগে তিনি মোবাইল ফোনে প্রতিবেশী ও কয়েকজন আত্মীয়কে ব্যাপারটি জানান।
প্রতিবেশীরা এসে তাদের হাসপাতালে নেন। দুর্বৃত্তরা কোনো মালামাল নিতে পারেনি বলেও তিনি জানান।
রোববার সন্ধ্যা ৭টায় মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান জানান, তাদের এখনও জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরতে রোববার সারারাত লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তারা এখন আশঙ্কামুক্ত বলে জানান তিনি।
ঘটনাস্থল পরিদর্শন করে মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, অসুস্থদের চিকিৎসা চলছে। এখনও কোনো মামলা হয়নি।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম শাহীন জানান, রোববার ভোরে ঢাকা থেকে বাগেরহাটে আসা দ্রুতি পরিবহনের একটি বাস থেকে পান্না হাওলাদারকে অচেতন অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জ্ঞান না ফেরায় তার কি খোয়া গেছে তা জানা যায়নি বলেও ওসি জানান। এখনও মামলা হয়নি।
বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মিজানুল হক সন্ধ্যা ৭টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখনও পান্নার জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরতে রোববার সারারাত লেগে যেতে পারে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯২৬ ঘ.
bdnews24