গাজীপুর, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর, টাঙ্গাইল ও পাবনায় অভিযান চালিয়ে গাড়ি ছিনতাই চক্রের আট সদস্যসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর পুলিশ।
শনি ও রোববারের এই অভিযানে একটি মাইক্রোবাস, মোবাইল ফোন সেট এবং নগদ টাকাও উদ্ধার হয়।
গাজীপুর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মদন মোহন বণিক জানান, জেলার কালিয়াকৈর, পাবনা ও টাঙ্গাইলে অভিযান চালিয়ে গাড়ি ছিনতাই চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এরা হলেন- নূর ইসলাম (৩৫), আব্দুল মান্নান (৩০), মো. আলম ওরফে নিরব (৩০), নকিব উদ্দিন ওরফে লোকমান (৩৫), মোনায়েম খান ওরফে রউফ খান (৪৫), শিমুল গাজী (৩৫), জিল্লুর রহমান ওরফে কাজল (২৮) ও রবিউল ইসলাম ওরফে রবি (৩২)।
এসআই মদন মোহন জানান, এদের স্বীকারোক্তি অনুযায়ি পুলিশ কালিয়াকৈরের মৌচাক এলাকা থেকে চালককে হত্যা করে ছিনিয়ে নেওয়া মাইক্রোবাসটি ( ঢাকা মেট্টে চ ১৩-৭৯৫) পাবনা থেকে উদ্ধার করেছে।
এদিকে রোববার দুপুরে টঙ্গীর নির্মণাধীন রেল ওভারব্রিজ এলাকায় ছিনতাইকালে জনতা তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) খলিলুর রহমান জানান, গ্রেপ্তার করা তিন ছিনতাইকারী হলেন- খোকন (২০), শাকিল (২০) ও মিলন (১৮)। পুলিশ তাদের কাছ থেকে ছিনতাই করা দুটি মোবাইল ফোন সেট এবং এক হাজার ৬৮০ টাকা উদ্ধার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩১ ঘ.
bdnews24