২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জেনেভা বৈঠকে স্বল্পোন্নত দেশগুলো ঐক্যবদ্ধভাবে দাবি তুলে ধরবে'

জেনেভায় অনুষ্ঠেয় আর্ন্তজাতিক বাণিজ্য সংস্থার সপ্তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে স্বল্পোন্নত দেশগুলো ঐক্যবদ্ধভাবে তাদের দাবি তুলে ধরবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। (আরও তথ্যসহ )

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 11:03 AM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেনেভায় অনুষ্ঠেয় আর্ন্তজাতিক বাণিজ্য সংস্থার সপ্তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে স্বল্পোন্নত দেশগুলো ঐক্যবদ্ধভাবে তাদের দাবি তুলে ধরবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। তানজানিয়ায় অনুষ্ঠিত ৩৯টি স্বল্পোন্নত দেশের বাণিজ্যমন্ত্রীদের বৈঠক থেকে ফিরে রোববার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ তিনি বলেন, "জেনেভায় অনুষ্ঠেয় সপ্তম মন্ত্রীপর্যায়ের বৈঠকে স্বল্পোন্নত দেশগুলো ঐক্যবদ্ধভাবে তাদের দাবি তুলে ধরবে বলে ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও বৈঠকে স্বল্পোন্নত দেশগুলোর ভূমিকা কী হবে, সে বিষয় নিয়েও তানজানিয়ার বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। " আগামী ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় ওই সম্মেলন হবে। বাংলাদেশ এসব দেশের নেতৃত্ব দেবে জানিয়ে ফারুক খান বলেন, "গত বছরের মত এবারও এশিয়া ও আফ্রিকার স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে কোনও মতবিরোধ তৈরি হবে না। এ ক্ষেত্রে বাংলাদেশ এসব দেশের নেতৃত্ব দিবে। ইতিমধ্যেই সদস্য দেশগুলো বাংলাদেশের অনেক প্রস্তাব গ্রহণ করেছে।" বাণিজ্যমন্ত্রী আরও বলেন, "আমাদের প্রস্তাব অনুযায়ী স্বল্পোন্নত দেশগুলোর রপ্তানি করা কৃষি পণ্য ও জনশক্তি পাঠানোর ওপর যাতে উন্নত দেশগুলো কোনও বাধা আরোপ না করে সে বিষয়ে জেনেভার বৈঠকে আলোচনা করা হবে। এছাড়াও পরিবেশ বির্পযয়ের বিষয়েও আমরা আলোচনার সিদ্ধান্ত নিয়েছি।" তিনি বলেন, "আমরা জেনেভা বৈঠকে ২০১০ সালের মধ্যে উন্নত দেশে স্বল্পোন্নত দেশগুলোর প্রধান প্রধান পণ্যগুলো শুল্ক ও কোটামুক্ত প্রবেশের জন্য তালিকা প্রকাশের দাবি জানাবো।" ওই বৈঠককে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ দাবি করে ফারুক খান জানান, পরিবেশ বিপর্যয়ের জন্য এক দশমিক এক ট্রিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্র"তি ছিল, তা দ্রুত বাস্তবায়নের কথা বলা হবে। এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা এখনো ডিউটি ফ্রি ও কোটা ফ্রি পুরো সুবিধা পাইনি। আমরা চেষ্টা করছি তা পাওয়ার। সেটা পাওয়া গেলে দেশে কর্মসংস্থান আরও বাড়বে। তিনি আরও জানান, ডিসপ্রোপোরশনেটলি এফেক্টটেড কান্ট্রিগুলো যাতে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে বেশি সুবিধা না পায় সেজন্যও চেষ্টা করা হবে। বাণিজ্য মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, যুদ্ধ ও অন্যান্য কারণে বাংলাদেশের পোশাক শিল্পের প্রতিযোগী দেশ শ্রীলঙ্কা ও পাকিস্তানকে 'ডিস প্রপরশনেটলি অ্যাফেক্টেড কান্ট্রি' হিসেবে চিহ্নিত করা হয়েছে। একারণে যুক্তরাষ্ট্রের বাজারে এ দুটি দেশের পোশাক শিল্পের বাছাই করা ৫টি করে পণ্য আগামী ৫ বছরের মধ্যে ৫ শতাংশ ট্যারিফ রেটে নামিয়ে আনার ব্যাপারে আলোচনা চলছে। বর্তমানে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের পোশাক শিল্প ১৫ শতাংশ ট্যারিফ রেইটে যুক্তরাষ্ট্রের বাজারের প্রবেশ করছে। ফারুক খান গত ১৪ থেকে ১৬ অক্টোবর তানজানিয়ায় অনুষ্ঠিত ৩৯টি স্বল্পোন্নত দেশের বাণিজ্যমন্ত্রীদের সম্মেলনে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরবি/এসএইচ/১৬৪৬ ঘ.