২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবার ঠাকুরগাঁওয়ে

টাঙ্গাইলে গ্রেপ্তারি পরোয়ানার পর উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী। এবার ঠাকুরগাঁওয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সাকা চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন জেলায় বেশ কয়েকটি মামলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 10:56 AM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলে গ্রেপ্তারি পরোয়ানার পর উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী। এবার ঠাকুরগাঁওয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সাকা চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন জেলায় বেশ কয়েকটি মামলা হয়। ঠাকুরগাঁওয়ে করা এমন একটি মামলায় রোববার ওই জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আশিকুর রহমান গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মুক্তিযোদ্ধা ও ঠাকুরগাঁও নাগরিক কমিটির সভাপতি ডা. শেখ ফরিদ গত ৮ সেপ্টেম্বর সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। গত ১৩ আগস্ট রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সালাউদ্দিন কাদের। পরদিন তাকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশ হয়, "১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড অপরিহার্য ছিল।" এরপর তার বিরুদ্ধে টাঙ্গাইল, মাগুরা, খুলনা ও নড়াইলে চারটি মামলা হয়। শেখ ফরিদ তার মামলায় অভিযোগ করেন, "সালাউদ্দিন কাদের চৌধুরী একজন স্বাধীনতাবিরোধী ব্যক্তি। তিনি সুশীল সমাজ, শিক্ষক, প্রশাসন, নির্বাচন কমিশন, ও সেনাবাহিনী সম্পর্কে কটূক্তি, অপমানকর ও বানোয়াট উক্তি করে বক্তৃতা করেন।" "তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকাণ্ড সঠিক ছিল বলে প্রকাশ্যে বক্তব্য দিয়ে বাদিসহ বাংলাদেশের জনগণকে উত্তেজিত, উৎকন্ঠিত, ক্ষোভ ও চরমভাবে অপমানিত করেছেন।" টাঙ্গাইলের মামলায় ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে জামিন নেন চট্টগ্রামের সাংসদ সাকা চৌধুরী। সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগও রয়েছে। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধের অভিযোগে সালাউদ্দিন কাদেরের বিচার করা হবে। তবে বিএনপির এ নেতা তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের সব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬৪৫ ঘ.