ঢাকা, ১৭ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন অনুষ্ঠানে সম্মিলিত দাবি জানাতে নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন।
বিভিন্ন সংগঠনের নেতারা এ আলোচনার কথা স্বীকার করেছেন।
১৯৮৯ সালে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়। এরপর গত ২০ বছরে কোন নির্বাচন হয় নি।
শনিবার বেলা ১২ টার দিকে মধুর কেন্টিনে একই টেবিলে বসে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা এ ব্যাপারে প্রাথমিক আলোচনা শুরু করেন।
অনানুষ্ঠানিক এ বৈঠকে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন, বাংলাদেশ ছাত্রমৈত্রী, বিপ্লবী ছাত্রমৈত্রী, জাসদ সমর্থিত ছাত্রলীগ ও ছাত্রকেন্দ্রের প্রতিনিধিরা অংশ নেন।
ডাকসু নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে জানিয়ে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ সোহেল রানা টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। ২০ অক্টোবর সন্ধ্যায় আমরা আবার বসবো। সেদিন আমাদের পরবর্তী কমপন্থা নির্ধারণ করা হবে।"
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডাকসু নিয়ে আমরা প্রাথমিক আলোচনা করেছি। আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমরা আবার বসবো। তবে সবার আগে ডাকসুর জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন।"
আওয়ামী লীগ এখন ক্ষমতায় বলে ছাত্রলীগকেই নিজ উদ্যোগে ডাকসু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে বলেও মন্তব্য করেন আব্দুল মতিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্র সংগঠনগুলোর মতবিরোধ এতদিন ডাকসু নির্বাচনের অন্যতম বাধা হিসেবে বিবেচিত হতো। এখন তাদের মধ্যে ঐক্য গড়ে উঠলে তা বড় ধরনের সুখবরই বটে।"
ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আসলে তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানান উপাচার্য।
১৯৮৯ সালে নির্বাচিত সর্বশেষ ডাকসু এক বছরের জায়গায় দীর্ঘ আট বছর দায়িত্ব পালন করে।
পরে ১৯৯৮ সালের ২৮ মে ডাকসু পরিষদ বিলুপ্ত করা হয়।
এরপর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ডাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়া হলেও পরিবেশ নেই কারণ দেখিয়ে ছাত্রদল নির্বাচনের দিকে যায় নি।
একই কারণে বিগত বিএনপি সরকারের আমলেও ডাকসু নির্বাচন করা হয় নি।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আবার ডাকসু নির্বাচনের বিষয়টি আলোচনায় উঠে আসে। স
bdnews24