ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণীর বিভিন্ন ইউনিটের আবেদনপত্র কোচিং সেন্টার থেকে সংগ্রহ না করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, কোচিং সেন্টার থেকে ক্রয় করা আবেদন পত্রের কোন বৈধতা নেই। তাই শুধু সংশ্লিষ্ট ব্যাংক থেকে ভর্তির আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
এ ব্যাপারে 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শেখ আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোচিং সেন্টার ইদানিং ভুয়া আবেদনপত্র বিক্রি শুরু করছে, যার সঙ্গে আমাদের সরবারাহ করা আবেদনপত্রের অনেক অমিল রয়েছে। এ রকম কয়েকটি আবেদনপত্র আমরা ইতোমধ্যে চিহ্নিত করেছি। এগুলো বাতিল করা হবে।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ ১৯ অক্টোবর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএইচ/২০২২ ঘ.
bdnews24