২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যায় সংঘর্ষে ট্রলারডুবি, ১২ যাত্রী আহত

নারায়ণগঞ্জ শহরের খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে শনিবার সন্ধ্যায় বালুবাহী ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে যাত্রিবাহী ট্রলার ডুবে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2009, 04:15 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে শনিবার সন্ধ্যায় বালুবাহী ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে যাত্রিবাহী ট্রলার ডুবে গেছে। এতে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি। আহতদের মধ্যে রহিমা বেগম (৫০) নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া রহিমা বেগম, রফিক, আনসার, পারভেজ, আলমগীর ও সবুজসহ বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পুলিশ বালুবাহী ট্রলারটি আটক করেছে। যাত্রীবাহী ট্রলারটি উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের কেন্দ্রীয় খেয়াঘাট থেকে একটি যাত্রীবাহী ট্রলার ৫০-৬০ জন যাত্রী নিয়ে বন্দর খেয়াঘাটের উদ্দেশে রওনা হয়। শীতলক্ষ্যা নদীর মাঝে এলে কাঁচপুরগামী একটি বালুবাহী ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। এসময় আতঙ্কে অনেক যাত্রী নদীতে, অনেকে বালুবাহী ট্রলারে ঝাঁপিয়ে পড়ে। ট্রলারের অন্য যাত্রীরা সাঁতরে কূলে ওঠে। আশপাশের নৌকা ও ট্রলার এসেও কিছু যাত্রীকে উদ্ধার করে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন জানান, কেউ নিখোঁজ হয়েছে কি না এমন কোনো খবর পাওয়া যায়নি। যাত্রীবাহী ট্রলারটি উদ্ধার করা হয়েছে। ঘটনার জন্য দায়ী বালুবাহী ট্রলারটি আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১১ ঘ.