২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার বিদেশিদের হাতে তেল-গ্যাস তুলে দিতে মরিয়া: খালেকুজ্জামান

জনগণের স্বার্থের বিরুদ্ধে দাড়িয়ে মহাজোট সরকার বিদেশিদের হাতে তেল-গ্যাস তুলে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর আহ্বায়ক খালেকুজ্জামান ভূঁইয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2009, 04:05 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জনগণের স্বার্থের বিরুদ্ধে দাড়িয়ে মহাজোট সরকার বিদেশিদের হাতে তেল-গ্যাস তুলে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর আহ্বায়ক খালেকুজ্জামান ভূঁইয়া। তিনি বলেন, "শাসকগোষ্ঠি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। তাই তারা দেশবিরোধী তৎপরতায় লিপ্ত।" শতভাগ মালিকানা নিশ্চিত করে সমুদ্রবক্ষের তেল-গ্যাস উত্তোলন করার দাবিতে শনিবার বিকেলে নারায়ণগঞ্জের পুরাতন বার লাইব্রেরি মিলনায়তনে জেলা বাসদ আয়োজিত সমাবেশ খালেকুজ্জামান এই কথা বলেন। তিনি বলেন, "জনগণের ভোটে নির্বাচিত হলেও জাতীয় স্বার্থের বিরোধী অবস্থান নিয়ে সরকার একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে। সাগরবক্ষের তিনটি ব্লক বহুজাতিক কোম্পানি টাল্লো ও কনকো ফিলিপসকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকার একতরফাভাবে জাতীয় স্বার্থবিরোধী মডেল পিএসসি চুক্তি করতে যাচ্ছে।" তিনি মনে করেন, ৮০ ভাগ রপ্তানির শর্তে করা এই চুক্তি দেশের জন্য আত্মঘাতী হবে। বাসদ নেতা বলেন, "তেল-গ্যাস, কয়লাসহ সব খনিজ সম্পদের ওপর জনগণের নিরঙ্কুশ মালিকানা প্রতিষ্ঠা করতে হলে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।" আগামী ২৪ অক্টোবর তেল-গ্যাস রক্ষার দাবিতে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-রক্ষা জাতীয় কমিটির জাতীয় কনভেশন সফল করার আহবান জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০১ ঘ.