ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান পে-স্কেলের অষ্টম গ্রেড থেকে ১৮তম গ্রেড পর্যন্ত বেতন বৈষম্য দূর করে ১ অনুপাত ৬-এর ভিত্তিতে বেতন নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারি সমিতি।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি আরজ আলী এ দাবি জানান।
এ সময় সমিতির সহ-সভাপতি হিরন মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম-সম্পাদক জিয়াউল আলম জিয়া ও সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আরজ আলী বলেন, "চতুর্থ শ্রেণীর কর্মচারিদের জন্য শতভাগ সিলেকশন গ্রেড প্রদান, এমএলএসএস পদের নাম পরিবর্তন করে অফিস সহযোগী করা, পুলিশের মতো চতুর্থ শ্রেণীর কর্মচারিদের জন্য রেশন পদ্ধতি চালু এবং প্রকল্পভুক্ত চতুর্থ শ্রেণীর কর্মচারিদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে।"
বর্তমান পে-স্কেলের অষ্টম গ্রেড থেকে ১৮তম গ্রেড পর্যন্ত বেতন বৈষম্য দূর করে ১ অনুপাত ৬-এর ভিত্তিতে বেতন নির্ধারণের দাবিও জানান তিনি।
বর্তমান বেতন কাঠামো অনুযায়ী চতুর্থ শ্রেণীর কর্মচারিরা ১ অনুপাত পৌনে ১২ অনুসারে বেতন পাচ্ছেন। তবে প্রস্তাবিত বেতন কাঠামোতে এটি ১ অনুপাত পৌনে ১০ করার প্রস্তাব করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসএইচ/২০৪৭ ঘ.
bdnews24