সিলেট, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বিশ্বনাথ উপজেলার ছত্রিশ গ্রামে শনিবার সকালে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত এবং কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
হত্যাকাণ্ডে সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
নিহত শাহাব উদ্দিন (৪৫) ছত্রিশ গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে আলমগীর ও মানিক নামের দু'জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ছত্রিশ গ্রামের নূর হোসেন এবং আব্দুল মালিক ও তার ভাই আব্দুল মুকিত।
বিশ্বনাথ থানার ওসি আবু সালেহ মো. জাফর জানান, সকাল ১১টার দিকে হাবড়া বাজারের ব্যবসায়ী ফারুক মিয়ার সঙ্গে পাওনা টাকা নিয়ে ছত্রিশ গ্রামের মানিকের ঝগড়া হয়। এর জের ধরে উভয়পক্ষের লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১২ ঘ.
bdnews24