চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাস পুকুর দখল নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শুক্রবার রাতে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন।
এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
নিহত আহাদুল (৩০) নন্দিপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামের দুখু মণ্ডলের ছেলে। এ ঘটনায় আহত একই এলাকার খাতিমকে (২৯) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোমস্তাপুর থানার ওসি বাবর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাগলপুর গ্রামের একটি খাস পুকুরের নিয়ন্ত্রণ নিয়ে ওই এলাকার হামিদ ও খাতিমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
শুক্রবার রাত ৯টার দিকে আহাদুল ও খাতিম বাড়ি ফেরার সময় প্রতিপক্ষ হামিদ গ্র"পের লোকজন তাদের ওপর হামলা করে। হামলায় আহাদুল মারা যান। আহত হন খাতিম।
ওসি জানান, এ ঘটনায় আহাদুলের শ্বশুর শামসুল হক শনিবার গোমস্তাপুর থানায় হত্যা মামলা করেছেন।
ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ ভাগলপুরের হামিদ (৩০) ও আকালু (৩২) এবং পীরপুকুরের আনারুলকে (৪৩) গ্রেপ্তার করেছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭২৮ ঘ.
bdnews24