ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গাসহ ঢাকার আশপাশের চারটি নদীর তীর থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে আগামী এক সপ্তাহের মধ্যে আবারো অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
বৃহস্পতিবার নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে টাস্ক ফোর্সের এক সভা শেষে তিনি একথা জানান।
দেশের নদ-নদীর নাব্যতা এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখতে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন, পরামর্শ প্রদান ও বাস্তবায়নে এ টাস্ক ফোর্স কাজ করে থাকে।
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আইন মন্ত্রী শফিক আহমেদ, পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, নৌ-পরিবহন সচিব আব্দুল মান্নান হাওলাদার, পরিবেশ বাচাও আন্দোলনের আবু নাসের খান, পরিবেশবিদ আইনুন নিশাত উপস্থিত ছিলেন।
এতে নদী খনন, অবৈধ দখলদার উচ্ছেদ, পরিবেশ দূষণ রোধের উপায়সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
পরে শাজাহান খান জানান, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ এ চারটি নদীর তীর রক্ষা এবং অবৈধ দখলদারদের উচ্ছেদে সরকার কার্যকর ব্যবস্থা নেবে। এজন্য আগামী সাত থেকে দশদিনের মধ্যে পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করা হবে।
নদীর তীরগুলো যাতে ভবিষ্যতে আবারো দখল না হয় সেজন্য সেখানে হাটাপথ এবং পথচারীদের বিশ্রামের স্থান নির্মাণ করা হবে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, "নদীগুলোর নাব্যতা বাড়াতে সরকার ড্রেজিংয়ের উদ্যোগ নিয়েছে। এজন্য ড্রেজার সংগ্রহ করা হচ্ছে।"
এছাড়া নদীতে আবর্জনা ও বর্জ্য না ফেলার জন্য ঢাকা ওয়াসা ও ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
পানি সম্পদ মন্ত্রী বলেন, নদী উদ্ধার ও নদী খননে ড্রেজারের ব্যবস্থা এবং এসব কাজ করার ক্ষেত্রে সব মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করতে হবে।
সরকারি দলের নামে অনেকে নদী তীর দখল করছে দাবি করে আব্দুল মান্নান খান বলেন, কোনো অবৈধ দখলদারকেই প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এইচএ/১৮২৪ ঘ.
bdnews24