২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া অরফানেজ মামলা কেন বাতিল হবে না: হাইকোর্টের রুল

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট (এতিম খানা) দুর্নীতি মামলা কেন বাতিল হবে না জানতে চেয়ে সরকার ও দুর্নীতি দমন কমিশনের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 11:53 AM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট (এতিম খানা) দুর্নীতি মামলা কেন বাতিল হবে না জানতে চেয়ে সরকার ও দুর্নীতি দমন কমিশনের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট । বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও মো. রইসউদ্দিনের বেঞ্চ মামলাটি বাতিলে খালেদা ও তার বড় ছেলে তারেক রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। খালেদা ও তারেকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল-হক। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাকে শুনানিতে সহায়তা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক। জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলাটির কার্যক্রম স্থগিতের আবেদন জানানো হয়েছিল। কিন্তু আদালত স্থগিত আদেশ দেয়নি। মামলাটির কার্যক্রম কেন বাতিল করা হবে না এ মর্মে কারণ দর্শানোর জন্য শুধু রুল জারি করেছেন।" ৭ অক্টোবর হাইকোর্টের বর্তমান বেঞ্চে খালেদা ও তারেকের আবেদন দু'টির ওপর শুনানি শুরু হয়। ২৪ সেপ্টেম্বর বিচারপতি এ এফ এম আবদুর রহমান ও বিচারপতি মো. রেজাউল হাসানের অবকাশকালীন বেঞ্চ খালেদা ও তারেকের আবেদন ফেরত দিয়েছিল। ১৫ সেপ্টেম্বর এ মামলাটি বাতিলের জন্য খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে হাইকোর্টে দু'টি পৃথক আবেদন দায়ের করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। গত বছরের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬শ ৪৩ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া ও তারেক রহমানসহ সাত জনের বিরুদ্ধে রমনা থানায় এই মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। মামলায় এছাড়া মোমিনুর রহমান, কাজী সালিমুল হক, সারফুদ্দিন আহমেদ, সৈয়দ আহমেদ ও গিয়াসউদ্দিন আহমেদকে আসামি করা হয়। এ মামলায় দুদকের উপপরিচালক হারুন অর রশিদ গত ৫ আগস্ট খালেদা জিয়া, তারেক রহমান, মোমিনুর রহমান, কাজী সলিমুল হক, সরফুদ্দিন আহমেদ ও ড. কামাল উদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। অভিযোগ পত্রে সৈয়দ আহমেদ ও গিয়াসউদ্দিন আহমেদকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়। ৭ সেপ্টেম্বর এ মামলার অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ওই আদালত আগামি ২৫ অক্টোবর এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে দেন। এছাড়া ড. কামালউদ্দিন সিদ্দিকী ও মোমিনুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে ওই আদালত। গত বছরের ২৬ আগস্ট খালেদাকে এ মামলায় অন্তবর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট। চলতি বছরের ২ আগস্ট এ মামলায় তার জামিন বহাল রাখে সুপ্রিম কোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এইচএ/১৭৪১ ঘ.