২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রসু'র প্রকাশ্য ফাঁসি চেয়েছে এক নিহতের মা

খুনি রসু'র প্রকাশ্য ফাঁসি চাই। তাইলে আমি ঠিক বিচার পামু। আর যদি তা না অয় তাইলে মইরাও শান্তি পামু না। রসু'র হাতে নিহত পারভীনের মা তরফুরেন্নেছা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কথাগুলো বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 05:41 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

চাঁদপুর, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুনি রসু'র প্রকাশ্য ফাঁসি চাই। তাইলে আমি ঠিক বিচার পামু। আর যদি তা না অয় তাইলে মইরাও শান্তি পামু না। রসু'র হাতে নিহত পারভীনের মা তরফুরেন্নেছা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কথাগুলো বলেন। গত ৭ অক্টোবর গাজীপুরের টঙ্গীর নিরাশপাড়া থেকে গ্রেপ্তার হওয়ার পর পুলিশের জিজ্ঞাসাবাদ এবং আদালতে দেওয়া জবানবন্দিতে রসু খাঁ (৪০) মোট ১১ নারীকে হত্যার কথা স্বীকার করে। এর মধ্যে পারভীনের নামও রয়েছে। পারভীনের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার পালতালুক গ্রামে। গত ২১ জুলাই পুলিশ ওই গ্রামেরই একটি বিল থেকে তার লাশ উদ্ধার করে। স্বামী পরিত্যক্তা পারভীনের তিন সন্তান রাসেল (১২), সুখি (৮) ও ফয়সাল (৬) বর্তমানে নানী তরফুরেন্নেছার কাছে রয়েছে। ভিক্ষা করে তিনি জীবনযাপন করেন। তরফুরেন্নেছা বলেন, "আমার মেয়ে ভিক্ষা কইরা সংসার চালাইতো। আজ সে নাই। আমি ওদের (পারভীনের ৩ সন্তান) নিয়া কি খাইয়া বাঁচমু?" "আমি খুনি রসু'র বিচার চাই। তারে যেন প্রকাশ্যে ফাঁসি হয়। যাতে আর কেউ এমন কইরা মানুষ মারতে না পারে।" আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে পারভীন সম্পর্কে রসু খাঁ জানায়, গত জুলাই মাসে পারভীন নামের ৩৫/৩৬ বয়সী এক মহিলার সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের পরে একদিন ফরিদগঞ্জের পালতালুক গ্রামের একটি বিলের উঁচু স্থানে রসু, তার ভাগিনা জহিরুল ইসলাম এবং অপর একজন পারভীনকে ধর্ষণের পর বিভৎস কায়দায় হত্যা করে। গত ১১ অক্টোবর চাঁদপুরের সিনিয়র বিচার বিভাগীয় হাকিম মো. আমিরুল ইসলামের আদালতে রসু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরপর গত সোমবার (১৩ অক্টোবর) তাকে আরও ২ দিনের রিমান্ডে নেয় পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মীর কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৯ সালের ফেব্র"য়ারি মাসে টঙ্গী সেনাকল্যাণ গার্মেন্টসের এক মেয়েকে হত্যা মামলায় আটক দেখিয়ে রসুকে আরও ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মীর কাশেম জানান, খুন হওয়া ১১ নারীর মধ্যে চারজনকে সনাক্ত করেছে পুলিশ। এরা হল- ফরিদগঞ্জের পারভীন, রসু খাঁ'র আপন শ্যালক মান্নানের স্ত্রী সাহিদা, টঙ্গীর নিরাশপাড়ার কোহিনুর এবং একই এলাকার মেহেদী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৫ ঘ.