২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দেশে ডায়রিয়ায় বছরে ৫০ হাজার শিশুর মৃত্যু'

দেশে প্রতিবছর ৫০ হাজারের বেশি শিশু ডায়রিয়ায় মারা যায়। সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়াজনিত ৪০ শতাংশের বেশি এবং নিউমোনিয়াসহ শ্বাস-প্রশ্বাসজনিত অসুখ প্রায় ২৫ শতাংশ কমানো সম্ভব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 02:33 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দেশে প্রতিবছর ৫০ হাজারের বেশি শিশু ডায়রিয়ায় মারা যায়। সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়াজনিত ৪০ শতাংশের বেশি এবং নিউমোনিয়াসহ শ্বাস-প্রশ্বাসজনিত অসুখ প্রায় ২৫ শতাংশ কমানো সম্ভব। 'বিশ্ব হাত ধোয়া দিবস' পালন উপলক্ষে বুধবার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশ করা হয়। বিশ্বজুড়ে ১৫ অক্টোবর 'বিশ্ব হাত ধোয়া দিবস' পালিত হয়। এ বছর বাংলাদেশসহ ৮০টি দেশে দ্বিতীয়বারের মতো এ দিবস পালিত হবে। এবার এ দিবসের মূল প্রতিপাদ্য ধরা হয়েছে -'আমার জীবন আমার হাতে'। ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিচালিত ২০০৯ সালের এক গবেষণাকে উদ্ধৃত করে ইউনিসেফের কর্মসূিচ সংগঠক (যোগাযোগ বিশেষজ্ঞ) শিরিন হোসেন সংবাদ ব্রিফিংয়ে জানান, "ডায়রিয়ায় শিশু-কিশোর মারা যাবার হারের দিক থেকে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ১০ দেশের অন্যতম। বাংলাদেশে প্রতিবছর পাঁচ বছরের কম বয়সী ৫০ হাজার আট শ' শিশু মারা যায়।" সঠিকভাবে হাত পরিষ্কার না করার কারণেই এ ধরণের জীবাণুতে আক্রান্ত হয়ে মৃত্যু হার বাড়ছে বলেও তিনি জানান। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) প্রধান প্রকৌশলী সৈয়দ নুরুজ্জামান বলেন, "বিশ্বে প্রতি বছর ৩৫ লাখের বেশি শিশু পাঁচ বছর পূর্ণ করার আগেই মারা যায়। এসব শিশু মৃত্যুর প্রায় ৮৫ শতাংশই ঘটে দক্ষিণ-এশিয়া ও সাব-সাহারা অঞ্চলে।" তিনি জানান, স্কুল-মাদ্রাসাসহ দেশের ৮০ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু কিশোররা হাত ধোয়া দিবসের কর্মসূচিতে অংশ নেবেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ইউনিসেফ, ইউনিলিভার, সেভ দ্য চিলড্রেন ও প্লান বাংলাদেশ এর আর্থিক সহায়তায় এবং প্রাথমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোর সহায়তায় এ দিবসটি পালন করা হবে। নুরুজ্জামান জানান, গত বছর বিশ্বের ৭৬টি দেশের মতো বাংলাদেশেও এ দিবসটি প্রথম বারের মতো পালিত হয়। গত বছর বিশ্বে এক কোটি ৪৪ লাখ শিক্ষার্থী হাত ধোয়া কর্মসূিচতে যোগ দেয় বলে জানিয়ে তিনি উল্লেখ করেন, এটা গ্রিনিজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নেয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও আইসিডিডিআর'বি পরিচালিত এক যৌথ গবেষণার উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশে শতকরা একভাগ মানুষ খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়। আর মলত্যাগের পর সাবান দিয়ে হাত ধোয় মাত্র ৩০ ভাগ মানুষ। গত এক বছরে এ হার ১৭ শতাংশ বাড়লেও তা আশানুরূপ নয় বলে উল্লেখ করেন তিনি। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ইউনিসেফের টিম লিডার আর্থার কদুয়া, ইউনিলিভারের প্রডাক্ট গ্র"প ম্যানেজার হোসনে আরা লোমা, সেভ দ্যা চিলড্রেনের ব্যবস্থাপক ইরিকা খেটান, প্লান বাংলাদেশের দেবাশীষ সাহা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএইচ/২০০২