ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে বুধবার ২৫ লাখ টাকার সমমূল্যের বৈদেশিক মুদ্রাসহ আবু নাসের (২৫) নামে দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে।
এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৩ ফ্লাইটে ওই ব্যক্তির দুবাই যাওয়ার কথা ছিল।
বিমানবন্দর থানার উপপরিদর্শক ফরিদা পারভিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৈদেশিক মুদ্রাসহ একজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।
কাস্টমস্ কর্তৃপক্ষ জানিয়েছে, কাস্টমসের সহকারী কমিশনার আকবর আলী জিন্নাহ সকালে বিমান বন্দরের তিন নম্বর বোর্ডিং ব্রিজ এলাকায় নাসেরকে চ্যালেঞ্জ করেন। এসময় নাসের বিমান বন্দর থেকে পালানোর চেষ্টা করলে অন্যদের সহায়তায় তাকে আটক করা হয়।
পরে তার কোমড় এবং জুতার ভেতর থেকে ১ লাখ ১৫ হাজার ৫৫০ সৌদি রিয়েল, ২৪ হাজার ৮০৫ দিরহাম ও ২ হাজার ৮'শ মালয়েশিয়ান রিংগিত উদ্ধার করা হয়,যা টাকার অঙ্কে ২৫ লাখ ৩ হাজার ৩৫৯ টাকা।
সন্ধ্যা পর্যন্ত আটক ওই যাত্রীকে থানায় হস্তান্তর করা হয়নি বলে জানিয়েছেন বিমানবন্দর থানার পুলিশ কর্মকর্তা ফরিদা পারভিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এইচএ/২০২৫ ঘ.
bdnews24