চট্টগ্রাম, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একদিনের ব্যবধানে সীতকুণ্ডের ভাটিয়ারিতে জাহাজ ভাঙ্গা শিল্পের আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম জাহাঙ্গীর আলম (২৮)।
এনিয়ে এক সপ্তাহের ব্যবধানে সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে শ্রমিক মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭ জন।
বুধবার দুপুর একটার দিকে উপজেলার ভাটিয়ারি মাদাম বিবির হাটের উপকূলবর্তী হাবিব স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটা লোহার পাত বহন করে নিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়।
জাহাঙ্গীর রংপুরের বদরগঞ্জ এলাকার আবদুল আজিজের পুত্র।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর একটার দিকে মোহাম্মদ ইয়াসিনের মালিকানাধীন হাবিব শিপ ইয়ার্ডে কাজ করার সময় লোহার পাতসহ পড়ে গিয়ে জাহাঙ্গীর গুরুতর আহত হন।
দুপুর দেড়টার দিকে ওই প্রতিষ্ঠানের মো. সবুজ নামে এক কর্মকর্তা জাহাঙ্গীরকে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান।
সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক আবদুল বায়েস জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মঙ্গলবার সকালে সীতাকুণ্ডের বার আউলিয়ায় পাকিজা শিপ ইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় তিন শ্রমিকের মৃত্যু হয়। গত ৮ অক্টোবর সীতকুণ্ডের শীতলপুরে ক্রিস্টাল শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় লোহার ভারি পাত চাপা পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৯৫৩ ঘ.
bdnews24