ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনে সরকার বিভিন্ন বিকল্প জ্বালানীর প্রতি নির্ভরশীল হওয়ায় বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক।
মঙ্গলবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সভাকক্ষে 'বিদ্যুৎ খাতের উন্নয়ন ও গণমাধ্যম' শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, "গ্যাস সংকটের কারণে আমরা কয়লা, ডিজেল ও ফার্নেস অয়েল নির্ভর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাধ্য হচ্ছি। ফলে ইউনিট প্রতি খরচও অনেক বেড়ে যাচ্ছে।
"এতদিন গ্যাসে উৎপাদিত বিদ্যুতের ক্ষেত্রেই অনেক টাকা ভর্তুকি দিতে হতো। আর এখন ডিজেলে উৎপাদিত বিদ্যুতে খরচ আরও বাড়বে।"
এনামুল হক বলেন, "সৌর বিদ্যুতের মতো পুনঃব্যবহারযোগ্য বিদ্যুৎ নিয়েও আমরা ভাবছি। কিন্তু সমস্যা হলো প্রত্যন্ত অঞ্চলে যাদের জন্য সৌরবিদ্যুৎ বা এ জাতীয় ব্যয়বহুল ব্যবস্থা চালু করা হবে, তার ব্যয় বা বিদ্যুতের খরচ দেওয়ার ক্ষমতা অনেকেরই নেই।"
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "ঢাকার বাইরে যাদের আয় নগরবাসীর তুলনায় কম তারাও কিন্তু হাজার টাকা দামের গ্যাস সিলিন্ডার কিনে ব্যবহার করছেন। অথচ ঢাকায় যাদের ক্রয়ক্ষমতা তুলনামুলক বেশী তারাই রান্নাঘরে বসে মাসে মাত্র ৫০০ টাকায় বিপুল পরিমাণ গ্যাস খরচ করছেন।"
বর্তমানে হাতে নেওয়া প্রকল্পগুলো পুরোপুরি চালু হলে দেশে বিদ্যুৎ সমস্যার অনেকটাই সমাধান হবে বলেও দাবি করেন প্রতিমন্ত্রী।
কর্মশালায় বিদ্যুৎ খাতের বিভিন্ন সমস্যা ও তা সমাধানের উপায় অনুসন্ধান, উৎপাদন বৃদ্ধির নতুন উদ্যোগ ও সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করা হয়। সাংবাদিকরা বিদ্যুৎ খাতের উন্নয়নে বিভিন্ন বিষয়ে তাদের পরামর্শ দেন।
পিডিবি চেয়ারম্যান এএসএম আলমগীর কবীরের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে অংশ নেন জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ মহসীন, তথ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ।
পিডিবি চেয়ারম্যান আলমগীর কবীর জানান, দেশে বর্তমানে সর্বোচ্চ সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা রয়েছে। এর বিপরীতে বর্তমানে দৈনিক সর্বোচ্চ উৎপাদন চার হাজার তিনশ' মেগাওয়াট। দেশে সর্বোচ্চ লোডশেডিং এর পরিমাণ ১,২৭০ মেগাওয়াট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এইচএ/২৩৫৮ঘ.
bdnews24