২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু

রাজধানীর বংশাল থানা পুলিশের হেফাজতে থাকা এক আসামীর মৃত্যু হয়েছে। মাদক মামলার আসামী জুম্মন (৬০) রিমান্ডে থাকা অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান। জুম্মনকে রাত সাড়ে নয়টার দিকে থানা হাজত থেকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 06:12 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বংশাল থানা পুলিশের হেফাজতে থাকা এক আসামির মৃত্যু হয়েছে। মাদক মামলার আসামি জুম্মন (৬০) রিমান্ডে থাকা অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান। জুম্মনকে রাত সাড়ে নয়টার দিকে থানা হাজত থেকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। গত সোমবার সন্ধ্যায় জুম্মনকে কে বি ঘোষ লেন থেকে গ্রেপ্তার করে বংশাল থানা পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে এক দিনের রিমান্ডে নেয় পুলিশ। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জুম্মন মাদক ব্যবসায়ী এবং সে নিজেও মাদকাসক্ত। তাকে ইনজেকশনের সিরিঞ্জ এবং গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।" ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মঙ্গলবার পুলিশ হেফাজতে নেওয়ার পর তাকে অন্য আসামিদের সঙ্গে হাজতখানায় রাখা হয়। রাত সাড়ে নয়টার দিকে হাজতে সে অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। নিয়মিত মাদক সেবন করায় জুম্মনের অবস্থা খুবই খারাপ ছিল বলে দাবি করেন ওসি। হাসপাতালের চিকিৎসক আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোগীকে হাসপাতালে আনার পর তাকে সুস্থ করে তুলতে বেশ কিছুক্ষণ চেষ্টা করা হয়। কিন্তু ৮/১০ মিনিট পরই তার মৃত্যু হয়। জুম্মনের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এএনএস/এইচএ/২৩৫৫ঘ.