২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বুদ্ধ গয়া'র ভিসা পেলেন না চাকমা রাজা ত্রিদিব

চাকমা রাজা ত্রিদিব রায়কে কলকাতা হয়ে বিহার রাজ্যের 'বুদ্ধ গয়া' যাওয়ার ভিসা দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 05:48 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

শুভ্র কান্তি গুপ্ত, কলকাতা থেকে। কলকাতা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকমা রাজা ত্রিদিব রায়কে কলকাতা হয়ে বিহার রাজ্যের 'বুদ্ধ গয়া' যাওয়ার ভিসা দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। অশীতিপর এই রাজা ব্যাংকক থেকে বিমানে কলকাতা এসে সেখান থেকে 'বুদ্ধ গয়া' যেতে চেয়েছিলেন। ত্রিদিব রায়ের পরিবারের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে একথা জানিয়েছেন। তিনি বলেন, "তাকে (ত্রিদিব রায়) কলকাতার পরিবর্তে প্রথমে দিল্লি যেতে বলা হয়েছে, যা অদ্ভূত।" ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজা ত্রিদিব রায় পাকিস্তানকে সমর্থন করেন। তিনি পাকিস্তানের হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে ব্যাংককে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) কর্মরত তার বড় মেয়ে চন্দ্রার সঙ্গে ত্রিদিব রায় অবস্থান করছেন। চাকমা রাজা ত্রিদিব রায় অক্টোবরের শেষ সপ্তাহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র স্থান 'বুদ্ধ গয়া' সফরে যেতে চান। ভারতে বসবাসকারী আনেক চাকমার কাছে এখনো তাদের রাজা পরম পূজনীয় ব্যক্তি। এসব চাকমা কয়েক দশক আগে তাদের আবাসভূমি পার্বত্য চট্টগ্রাম থেকে বিতাড়িত হন। ভারতীয় গোয়েন্দা সংস্থা ত্রিদিব রায়ের এ পরিকল্পিত ভারত সফরের উপর বিশেষ নজর রাখছে বলে নয়াদিল্লীর একজন চাকমা মানবাধিকার কর্মী জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকেজি/এএল/এএনএস/এইচএ/২৩৪০ঘ.