২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙচুর সংঘর্ষের ঘটনায় নারায়ণগঞ্জ পৌরসভার কর্মচারীদের কর্মবিরতি

নারায়ণগঞ্জ শহরের ব্যবসায়িক এলাকা নিতাইগঞ্জে অবৈধ ট্রাকস্ট্যান্ডকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর, সংঘর্ষ এবং ট্রাক চাপায় মেয়রকে হত্যাচেষ্টার অভিযোগ এনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 02:43 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ শহরের ব্যবসায়িক এলাকা নিতাইগঞ্জে অবৈধ ট্রাকস্ট্যান্ডকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর, সংঘর্ষ এবং ট্রাক চাপায় মেয়রকে হত্যাচেষ্টার অভিযোগ এনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছে। পৌর কর্মচারীরা ঘটনার সঙ্গে জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে পরিস্কার-পরিচ্ছন্নতাসহ সব কাজ বন্ধ করে রেখেছে। অন্যদিকে ট্রাক শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। নারায়ণগঞ্জ পৌর মেয়র ডা. সেলিনা হায়াত আইভিকে সোমবার সকালে শহরের পৌর ভবনের সামনে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগের জের ধরে ট্রাক শ্রমিক ও তাদের সমর্থকদের সঙ্গে পৌরসভার কর্মচারী, পরিচ্ছন্নতাকর্র্মী ও স্থানীয় এলাকাবাসীর কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন। সোমবারের এই ঘটনায় গভীর রাতে দুপক্ষই পাল্টাপাল্টি দু'টি মামলা করেছে বলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান। তিনি জানান, নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ডা. সেলিনা হায়াত আইভিকে ট্রাক চাপা দিয়ে হত্যা ও পৌর ভবনে হামলা ও কর্মচারীদের মারধোর করার অভিযোগ এনে ১২ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করা হয়। নারায়ণগঞ্জ পৌরসভার আইন সহকারী আবুল হোসেন বাদী হয়ে ট্রাক শ্রমিক নেতা জসিম, সবুজ, ইব্রাহিম, নাজিরসহ ১২ জনের বিরুদ্ধে এই মামলা করেন। একই রকম অভিযোগ এনে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ডা. সেলিনা হায়াত একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে তার জিডিতে কারো নাম উল্লেখ করা হয়নি। অন্যদিকে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন বাদী হয়ে নারায়ণগঞ্জ পৌরসভার কাউন্সিলর কামরুল হাসান মুন্না, খন্দকার মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, জমশের আলী ঝন্টু, মহিলা কাউন্সিলর দিলারা মাসুদ ময়না, আইন সহকারী আবুল হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেছেন। ওসি জানান, এই মামলায় দুই ট্রাক শ্রমিককে পৌর কার্যালয়ে আটকে রেখে নিযার্তন, তাদের অফিসে হামলা, ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। তিনি আরও জানান, একই ঘটনায় দু'টি মামলা হয় না। তাই মেয়রের অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করা হয়েছে। জিডিটি পৌরসভার আইন সহকারী আবুল হোসেনের মামলার সঙ্গে যুক্ত করা হবে। নারায়ণগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন। তারা কাজ বন্ধ করে পৌরসভার ভেতরেই অবস্থান ধর্মঘট করছেন। মেয়রকে ট্রাক চাপা দিয়ে হত্যাচেষ্টা, পৌর ভবনে হামলা, ভাঙচুর, কর্মচারীদের মারধোর করার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না বলে ঘোষণা করেছেন। ট্রাক শ্রমিকরা সোমবার রাত থেকে মালামাল লোড-আনলোড বন্ধ রাখলেও মঙ্গলবার দুপুর থেকে আবারও কাজ শুরু করেছেন। সকালে তারা নিতাইগঞ্জে বিক্ষোভ মিছিল বের করেন। পরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সামনে সমাবেশের আয়োজন করেন। সমাবেশে বক্তব্য রাখেন- নিতাইগঞ্জ ট্রাক মালিক সমিতির সভাপতি মতিউল্লাহ মিন্টু, সহ-সভাপতি আলী আহম্মদ, নিতাইগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মজিবর রিপন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মানিক, আন্ত:জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল হোসেন, নিমাই প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৫ ঘ.