২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর ছয় জেলায় বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপনের প্রস্তাব অনুমোদন

রাজশাহী বিভাগের ছয় জেলায় একটি করে বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 02:19 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিভাগের ছয় জেলায় একটি করে বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভাশেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম সাংবাদিকদের বলেন, রাজশাহী বিভাগের রংপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, পাবনা, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে ৩৩ কিলোভোল্ট ক্ষমতার একটি করে বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এজন্য ৮২ লাখ ৯৪ হাজার ৩৪২ ইউরো বিদেশি অর্থ সহায়তা এবং বাংলাদেশ সরকার ৪ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫২৮ টাকা ব্যয় করবে। বৈঠকে ৪১৩ কোটি ৮১ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে ১ লাখ মেট্রিক টন দানাদার ইউরিয়া ও ১ লাখ মেট্রিক টন গুড়ো ইউরিয়া আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এছাড়া জ্বালানি তেলের প্রিমিয়াম পুনর্নির্ধারণ করা হয়েছে বলেও জানান নুরুল করিম। চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসম্বের পর্যন্ত প্রতি ব্যারেল ডিজেলের প্রিমিয়াম ৫ দশমিক ৯০ থেকে কমিয়ে ৫ দশমিক ৭৫ মার্কিন ডলার এবং কেরোসিনের প্রিমিয়াম ৬ দশমিক ৬০ থেকে কমিয়ে ৬ দশমিক ৪০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়। ২০১০ সালের জানুয়ারি থেকে জুন সময়ের জন্য ডিজেলের প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ৪ দশমিক ৭০ এবং কেরোসিনের প্রিমিয়াম ৬ দশমিক ২৫ মর্কিন ডলার। নতুন নির্ধারিত প্রিমিয়ামে মালয়েশিয়ার পেট্রোনাস ট্রেডিং-এর কাছ থেকে বিভিন্ন গ্রেডের ১৪ লাখ মেট্রিক টন পরিশোধিত জ্বালানি আমদানির প্রস্তাবও অনুমোদন পায়। এদিকে পুর্বাচল নতুন শহর প্রকল্পের বিভিন্ন সেক্টরে সারফেস ড্রেনসহ অভ্যন্তরীণ সড়ক নির্মাণ কাজের দরপত্র সংক্রান্ত ২টি প্রস্তাব আপাতত স্থগিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/এইচএ/২০২০ ঘ.