ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দফায় পাঁচ দিন জিজ্ঞাসাবাদের পর উলফা নেতা অমল দাস ওরফে বিমল রায়কে আবারও রিমান্ডে নিয়েছে পুলিশ।
গোয়েন্দা পুলিশের আবেদনে ঢাকা মহানগর হাকিম আদালত এ অনুমতি দেয়।
গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, ভারতের বিদ্রোহী দল ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম (উলফা) এর সামরিক শাখার নেতা অমলকে গত ৬ অক্টোবর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে পল্লবী থানায় একটি মামলা করা হয়। এরপর তাকে দুই দফায় পাঁচ দিন জিজ্ঞাসাবাদ করা হয়।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. গিয়াসউদ্দিন জিজ্ঞাসাবাদের জন্য অমলকে আরও সাত দিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানান।
ওই আবেদনে বলা হয়, অমল রিমান্ডে থাকাকালীন নিজেকে উলফার সদস্য বলে স্বীকার করেছে। তিনি আরও জানিয়েছেন, তার অন্য সহযোগীরাও বাংলাদেশে আত্মগোপন করে আছে। তাই তাকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
তবে হাকিম মেহেদী হাসান তালুকদার তিন দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
উলফা স্বাধীন আসামের দাবিতে সশ্রস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে। দলটির শীর্ষস্থানীয় নেতা অনুপ চেটিয়া বর্তমানে বাংলাদেশে কারাঅন্তরীণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৮৫৫ ঘ.
bdnews24