২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট গ্রেনেড হামলা: পিন্টুকে জেলগেটে জিজ্ঞসাবাদের নির্দেশ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে প্রয়োজনে তার চিকিৎসার ব্যবস্থা নিতে বলেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 12:02 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে প্রয়োজনে তার চিকিৎসার ব্যবস্থা নিতে বলেছে আদালত। মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি রইস উদ্দিনের বেঞ্চ পিন্টুর আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার ও কারা কর্তৃপক্ষকে এ নির্দেশ দেয়। আদেশের পর সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পিন্টুকে প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদ ও তার চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।" পিন্টুর পক্ষে শুনানিতে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, "গত ১১ অক্টোবর এ মামলায় পিন্টুকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। নির্যাতন চালিয়ে তার কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ের চেষ্টা করা হয়।" তিনি জানান, বুধবার পিন্টুর রিমান্ড শেষ হবে। তাকে আবারও রিমান্ডে নেওয়া হতে পারে। এ জন্যই তিনি (পিন্টু) জেলগেটে জিজ্ঞসাবাদের আবেদন করেছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রোববার পিন্টুকে আরও তিন দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০০৮ সালের ১৭ জানুয়ারি বিএনপি নেতা পিন্টুকে গ্রেপ্তার করা হয়। ওই হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৩ জন নিহত হন। ওই মামলায় পিন্টুসহ মোট ২২ জনকে আসামি করে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় অভিযোগপত্র দেয় পুলিশ। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ওই মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/১৮০০ ঘ.