ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কলাবাগান এলাকা থেকে মঙ্গলবার সকালে এক দোকান কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত শামসুদ্দীন মিঝি (৩৮) হাতিরপুলের 'সিরাামিক কর্নার' টাইলস দোকানে কাজ করতেন।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফ্রি স্কুল স্ট্রিটের একটি বাড়ি থেকে শামসুদ্দীনের লাশ উদ্ধার করা হয়। তার গলায় ফাঁস দেওয়া ছিল। আর লিঙ্গ সামান্য কর্তন করা ছিল।
এটি হত্যা না আত্মহত্যা- তা পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি।
পুলিশ জানায়, শামসুদ্দীন আরও চারজনের সঙ্গে ফ্রি স্ট্রিট রোডের ওই বাড়িতে থাকত। পুলিশ তার রুমমেটসহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
শামসুদ্দীনের গ্রামের বাড়ি ভোলায়। তার দু'মেয়ে রয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/১৬৩০ ঘ.
bdnews24