২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় আরও তিন শ্রমিকের মৃত্যু

এক সপ্তাহের মধ্যে সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় দুর্ঘটনায় আরও তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার নিহতরা গ্যাস বিস্ফোরণে মারা যায়। গত ৮ অক্টোবর জাহাজ কাটার সময় ভারী পাতের নিচে চাপা পড়ে প্রাণ হারায় তিন শ্রমিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 08:28 AM

Updated : 26 Aug 2022, 12:11 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সপ্তাহের মধ্যে সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় দুর্ঘটনায় আরও তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার নিহতরা গ্যাস বিস্ফোরণে মারা যায়। গত ৮ অক্টোবর জাহাজ কাটার সময় ভারী পাতের নিচে চাপা পড়ে প্রাণ হারায় তিন শ্রমিক। মঙ্গলবারের দুর্ঘটনাস্থল বার আউলিয়ার পাকিজা শিপইয়ার্ডের ব্যবস্থাপক নূরুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাহাজ কাটার সময় গ্যাসের বিষক্রিয়ায় গুরুতর আহত হয় চার শ্রমিক।" শ্রমিকদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি। চমেক পুলিশ ফাঁড়িতে কর্মরত হাবিলদার শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাকিজা শিপইয়ার্ড থেকে আনা সাহাবুদ্দিন এমরান (২৫), নাসির উদ্দিন (২৫) ও মোহাম্মদ মামুন (২০) নামে তিন শ্রমিক মারা গেছেন। তিনি বলেন, সাহাবুদ্দিন আগেই মারা যান। বাকি দুজনের মৃত্যু হয় হাসপাতালে আনার পর। তবে পাকিজার কর্মকর্তা ঘটনাস্থলে কোনও শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত করেননি। এদিকে সকালের এ ঘটনা সীতাকুণ্ড থানা পুলিশ অবগত নয় বলে জানান ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। গত ৮ অক্টোবরের দুর্ঘটনাটি ঘটে সীতাকুণ্ডের শীতলপুরে ক্রিস্টাল শিপইয়ার্ডে। সীতাকুণ্ডে জাহাজ ভাঙার কাজে পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই শ্রমিকদের কাজ করতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। পরপর দুটি দুর্ঘটনা ওই অভিযোগের সত্যতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪২২ ঘ.