২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পার্বত্য সরকারি প্রতিষ্ঠানকে আঞ্চলিক ও জেলা পরিষদের অধীনে নেওয়া হচ্ছে'

স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পার্বত্য এলাকার সরকারি প্রতিষ্ঠানগুলোকে আঞ্চলিক ও জেলা পরিষদের অধীনে নেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 04:06 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পার্বত্য এলাকার সরকারি প্রতিষ্ঠানগুলোকে আঞ্চলিক ও জেলা পরিষদের অধীনে নেওয়া হচ্ছে। ইতমধ্যে ৩৩ টি প্রতিষ্ঠানের মধ্যে ২২ টি প্রতিষ্ঠানকে স্থানান্তর করা হয়েছে। আরও পাঁচটি প্রতিষ্ঠান স্থানান্তরের প্রক্রিয়া চলছে। নির্বাচন কমিশন সেখানে নির্বাচনের উদ্যোগ নিলেই সরকার সর্বাত্মক সহায়তা দেবে। ইউরোপীয় মানবাধিকার বিষয়ক তিনজন রাষ্ট্রদূত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি তাদের একথা বলেন। সাক্ষাত শেষে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জুলফিকার হায়দার সাংবাদিকদের একথা জানান। তবে প্রতিমন্ত্রী এবং তিন কূটনীতিক এ ব্যাপারে কোন কথা বলতে চাননি। এই তিন কূটনীতিক হলেন নেদারল্যান্ডের আর্জন হ্যাম্বার্গার, জার্মানির গ্লিনটার নুক ও ডেনমার্কের আরনল্ড ডি ফাইন স্কিবস্টেড। তারা প্রতিমন্ত্রীর সঙ্গে পার্বত্য চট্টগ্রাম এলাকার মানবাধিকার পরিস্থিতি, ভূমি সমস্যা সমাধানে ভূমি কমিশন গঠন, পার্বত্য আঞ্চলিক ও জেলা পরিষদের নির্বাচন ও তা শক্তিশালীকরণ এবং সেনাক্যাম্প প্রত্যাহারের কারণে অস্থিরতা সৃষ্টির কথিত অভিযোগের বিষয়ে আলোচনা করেন। দীপংকর তালুকদার তাদের জানান, পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাক্যাম্প প্রত্যাহার একটি চলমান প্রক্রিয়া। ৯৭ সালে শান্তি চুক্তির পর এখান থেকে ক্যাম্প প্রত্যাহার করা হচ্ছে। এতে পার্বত্য এলাকায় নতুন করে অস্থিরতা সৃষ্টির কোন আশংকা নেই। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেও সেখান থেকে ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। কিন্তু অযৌক্তিকভাবে বিএনপি ও জামায়াত এখন ক্যাম্প প্রত্যাহারের বিরোধিতা করছে। প্রতিমন্ত্রী তাদের জানান, ৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের পর থেকে সেখানে পাহাড়ী ও বাঙালিদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বিরাজ করছে। ফলে সেখান থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার হলেও কোন সমস্যা হবে না। বর্তমানে সেখানকার মানবাধিকার পরিস্থিতিও অনেক ভাল। তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর পার্বত্য এলাকার ভূমি সমস্যার সমাধানে ভূমি কমিশন গঠন করেছে। কমিশন ইতোমধ্যেই কাজ শুরু করেছে। কমিশনের কার্যক্রমে গতিশীলতা আনতে আগামী ২০ অক্টোবর মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা স্থানীয় সরকার পরিষদগুলোকে নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/এইচএ/২২০০ঘ.