রিয়াজুল বাশার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের অংশবিশেষকে রাজধানীর শেরেবাংলা নগরে স্থানান্তরের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশকে স্বাগত জানিয়েছেন সাবেক এক আমলা ও এক নগর পরিকল্পনাবিদ।
তারা জানিয়েছেন, এটা করা হলে কিছুটা হলেও যানজট কমবে। সুবিধা হবে প্রশাসনিক কর্মকাণ্ডেও।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার মন্ত্রিসভার বৈঠকে ঢাকা শহরের যানজট নিরসনে সচিবালয়ের অংশবিশেষকে রাজধানীর শেরেবাংলা নগরে স্থানান্তরের ব্যাপারে চিন্তা-ভাবনা শুরুর নির্দেশ দেন।
বৈঠক শেষে তার প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, "সচিবালয়ের প্রধান প্রধান অফিসকে শেরেবাংলা নগরে স্থানান্তরের ব্যাপারে চিন্তা-ভাবনা শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।"
এ বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান আকবর আলী খান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সচিবালয়ের কারণে ঢাকা শহরে প্রচণ্ড যানজট হয়। এটা নিরসন করতে হলে আস্তে আস্তে সচিবালয়কে সরিয়ে নিতে হবে।"
দীর্ঘদিন ধরেই এ নিয়ে আলোচনা হচ্ছে জানিয়ে সাবেক এ আমলা বলেন, "১৯৭২ সাল থেকেই সচিবালয়কে শেরেবাংলা নগরে স্থানান্তরের কথা হচ্ছে। সেখানে বিশাল জায়গাও রয়েছে, যা এখনকার সচিবালয়ের জায়গা থেকে অনেক বেশি।
এটা করা হলে সচিবালয়ের জন্য সুবিধাজনক হবে জানিয়ে তিনি বলেন, "বর্তমানে পররাষ্ট্র, প্রতিরক্ষা ও শিল্পমন্ত্রণালয় এবং বেশকিছু অফিস স্থান সংকুলানের অভাবে সচিবালয়ের মধ্যে নেই। শেরেবাংলা নগরে এক ক্যাম্পাসের মধ্যে সব মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অফিসের জায়গা হওয়া সম্ভব। এ ছাড়া সংসদ ভবন এলাকার পাশে হওয়ায় এ জায়গার সুবিধাও বেশি।"
পাকিস্তান কর্ম কমিশনে চাকরি শুরু করা আকবর আলী খান বাংলাদেশ সরকারের অধীনেও দীর্ঘদিন চাকরি করেছেন।
সচিবালয় শুরুর ইতিহাস বর্ণনা করতে গিয়ে সাবেক এ মন্ত্রিপরিষদ সচিব বলেন, "বর্তমানে সচিবালয়ের জায়গায় ছিল ইডেন গার্লস স্কুল। পরে এটি কলেজ হয়। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন অবসানের পর ইডেন কলেজের জায়গায় সচিবালয় তৈরি করা হয়। ইডেন কলেজ চলে যায় বকশী বাজারে।"
তিনি বলেন, "সচিবালয়ে বর্তমানে স্বরাষ্ট্র ও মন্ত্রিপরিষদ ভবনের জায়গায় ইডেন স্কুল ও কলেজ ছিল। পাকিস্তান আমলে নয়তলা ও ১৩ তলা ভবন এবং বাংলাদেশ সরকারের সময় ১৯ তলা ও অন্যান্য ভবন করা হয়।
পরিকল্পনাহীনভাবে একটি কলেজের জায়গায় গড়ে ওঠা বর্তমান সচিবালয় স্থানান্তরের ব্যাপারে প্রধানমন্ত্রীর এ নির্দেশকে স্বাগত জানিয়েছেন নগর পরিকল্পনাবিদ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম।
সোমবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনেক আগে থেকেই এ চিন্তা করা হচ্ছে। শেরে বাংলা নগর খুব আদর্শ জায়গা না হলেও কিছু কিছু অফিস সেখানে নিয়ে আসার চিন্তাটা সমর্থনযোগ্য। এতে রাজধানীর বাণিজ্যিক এলাকার ওপর চাপ কমবে। শহরের যানজটও কিছুটা নিরসন হবে।"
তবে এটা করা হলে ধানমন্ডি, মোহাম্মদপুর, সংসদ ভবন এলাকা ও মিরপুর রোডে যানজট বাড়বে মন্তব্য করে তিনি বলেন, "এখন সব দিক থেকেই সচিবালয়ে যাওয়া যায়। তবে সেনানিবাস ও পুরনো বিমানবন্দরের কারণে শেরেবাংলা নগরে সবদিক থেকে প্রবেশ করা যায় না। এটা একটা বড় অসুবিধা হবে।"
সেনানিবাসকে ঢাকার নগর পরিকল্পনার প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করে নজরুল ইসলাম আরও বলেন, "সেনানিবাসের কারণে পুরো ঢাকার নগর পরিকল্পনা ঝামেলাপূর্ণ হয়ে গেছে। এটাকে সরিয়ে নিতে পারলে কিছু একটা হতো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসএইচ/২০২৮ ঘ.
bdnews24