ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন আইন পাস হলেও নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে মার্চের আগে স্থানীয় সরকারের কোনো নির্বাচন করা সম্ভব নয় জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।
সোমবার ইসি সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, "এসব আইন সংসদে পাস হলেও এখনো তা ইসির হাতে পৌঁছেনি। কমিশনে আসার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"
এরআগে গত ৬ অক্টোবর সিইসি এটিএম শামসুল হুদা জানুয়ারি মাসের শেষ অথবা ফেব্র"য়ারির শুরুতে ডিসিসি নির্বাচনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
আইন হাতে আসার পর ভোটার তালিকা চূড়ান্ত করা, বিধিমালা প্রণয়নসহ অন্যান্য কাজ শেষ করতে ফেব্র"য়ারি মাস লেগে যাবে জানিয়ে ছহুল হোসাইন আরও বলেন, "এ কারণে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের যাত্রা শুরু হবে মার্চের প্রথম সপ্তাহে।"
এরপর পর্যায়ক্রমে চট্টগ্রাম সিটি করপোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে বলে জানান তিনি।
গত ৫ অক্টোবর জাতীয় সংসদে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন পাস হয়। সংসদের তৃতীয় অধিবেশনেই স্থানীয় সরকার (পৌরসভা), স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) বিল পাস হয়।
২০০৭ সালের মে মাসে ঢাকা সিটি করপোরেশনের বর্তমান ক্ষমতাসীন জনপ্রতিনিধিদের নির্বাচনের মেয়াদ শেষ হয়।
২০১০ সালের মে মাসে মেয়াদ শেষ হবে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনেরও।
এছাড়া দেশের তিন শতাধিক পৌরসভা ও সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের বেশিরভাগেরই নির্বাচনের মেয়াদ ইতোমধ্যে উর্ত্তীণ হয়েছে।
এদিকে, জাতীয় সংসদে আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব প্রসঙ্গে ছহুল হোসাইন বলেন, "বিষয়টি সংসদের, ইসির দায়িত্ব নয়। কমিশন এ ব্যাপারে কোনও তাগিদ দেবে না।"
তবে আগামীতে রাজনৈতিক দলগুলো সংলাপে এ বিষয়ে আলোচনা করতে পারে বলে জানান এই কমিশনার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসএইচ/১৮৫৩ ঘ.
bdnews24