২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে হত্যা চেষ্টা মামলার আসামি হুজি জঙ্গি ফেনীতে গ্রেপ্তার

ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের ভূইয়াবাজার এলাকা থেকে সোমবার বিকেলে জঙ্গি আবু ওবায়দা ওরফে হারুনকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 11:13 AM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ফেনী, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের ভূইয়াবাজার এলাকা থেকে সোমবার বিকেলে জঙ্গি আবু ওবায়দা ওরফে হারুনকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ওবায়দা ২০০১ সালের ২৬ সেপ্টেম্বর সিলেটে নির্বাচনী জনসভার দিন বোমা হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টার সঙ্গে জড়িত ছিলেন। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি) শেখ হাসিনার জনসভায় বোমা হামলা করে তাকে হত্যার পরিকল্পনা করেছিল বলে পুলিশ জানায়। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিজামউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, বিকেল চারটায় চর চান্দিয়া ইউনিয়নের ভূইয়াবাজার এলাকা থেকে হারুনকে গ্রেপ্তার করা হয়। ওবায়দা থানা হেফাজতে রয়েছেন। মঙ্গলবার সকালে তাকে আদালতে হাজির করা হবে। তিনি জানান, ২০০১ সালের ২৬ সেপ্টেম্বর সিলেটে হাসিনার জনসভার পর রাতে শহরের একটি বাসায় বোমা বিস্ফোরণে দুই জঙ্গি নিহত হয়। আহত অবস্থায় ধরা পড়েন ওবায়দা ও মাসুদ আহমেদ শাকিল ওরফে সুমন। এ ঘটনায় সেখানে দায়ের হওয়া দুটি মামলার আসামি তিনি। শাকিল বর্তমানে কারাগারে আছেন। সিলেট কোতয়ালি থানার ওসি সৈয়দুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ঘটনায় দুটি মামলা হয়েছে। একটি হাসিনাকে হত্যার চেষ্টার অভিযোগে। অপরটি বিস্ফোরক দ্রব্য আইনে। পত্রিকায় প্রকাশিত খবরে জানা যায়, হাসিনার জনসভায় বোমা বিস্ফোরণের সুযোগ পায়নি জঙ্গিরা। বিস্ফোরণে আহত ওবায়দা চার মাস পুলিশ হেফাজতে চিকিৎসাধীন ছিলেন। বিগত জোট সরকারের সময় জামিন পেয়ে তিনি সোনাগাজীতে চলে আসেন। ২০০৬ সালে ২৮ সেপ্টেম্বর সিলেটের দায়রা জজ আদালত ওবায়দার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে সিলেট আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী এই তথ্যটি নিশ্চিত করতে পারেননি। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি বছরের ১০ জুন আদালত ওবায়দার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ওবায়দা সোনাগাজী উপজেলার চরচান্দিয়ার গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে। তিনি চট্টগ্রামের পটিয়ায় আল জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। পরবর্তীতে আফগানিস্তানে জঙ্গি প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে অংশ নেন বলে কথিত আছে। এলাকায় তিনি জেএমবি নামে পরিচিত ছিলেন। স্থানীয়রা জানান, ওবায়দা জামিন পাওয়ার পর কুয়েত চলে যান। দুই বছর পর কুয়েত থেকে ফিরে সোনাগাজীতে এসে আত্মগোপন করেন তিনি। সোনাগাজী উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা জানান, গত কয়েক মাস ধরে ওবায়দাকে যুবলীগের কিছু কর্মসূচিতে দেখা গেছে। যুবলীগের উপজেলা কমিটিতে স্থান পেতে এক মাস ধরে তাকে তৎপর থাকতে দেখা গেছে বলে সংগঠনটির নেতাকর্মীরা জানান। তবে উপজেলা যুবলীগের আহ্বায়ক নুরুল আবসার এসব তথ্য ঠিক নয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেছেন। তিনি বলেন, "ওবায়দা যুবলীগের সঙ্গে জড়িত নন। তিনি নিজেকে যুবলীগ সদস্য বলে পরিচয় দিলে কারও কিছু করার নেই।" উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আরেফিন বলেন, "গত কয়েক মাসে যুবলীগের কিছু কর্মসূচিতে তাকে দেখা গেছে। তবে সে আমাদের দলের কেউ নয়। নিজেকে রক্ষার জন্য ওবায়দা যুবলীগের কর্মী পরিচয় দিচ্ছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২০২৬ ঘ.