ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক মাহবুব মতিনের দাফন রোববার হয়নি।
মাহবুবের ভাই জাপান থেকে ফেরার পর তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
সোমবার মতিনের ভাইয়ের ফেরার কথা রয়েছে।
শুক্রবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে সিদ্ধেশ্বরীর বাসায় বেসরকারি টেলিভিশন 'চ্যানেল আই'র যুগ্ম-বার্তা সম্পাদক মাহবুব মতিন মারা যান।
শনিবার সন্ধ্যা সাড়ে আটটায় চ্যানেল আই'র সিদ্ধেশ্বরী কার্যালয়ের সামনে প্রথম জানাজা শেষে তার মরদেহ বারডেমের মরচুয়ারিতে রাখা হয়।
সতীর্থ ও সহকর্মীদের শ্রদ্ধা নিবেদনের জন্য রোববার তার মরদেহ ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়ার কথা থাকলেও পরে এ কর্মসূচি স্থগিত করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ তাদের সাবেক এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
মতিনের মৃত্যুতে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম আলাদা বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশও মাহবুবের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সেগুনবাগিচায় সংগঠনের কার্যালয়ে মাহবুব স্মরণে শোক বই খুলেছে।
মাহবুবের বয়স হয়েছিলো ৩৯ বছর। ১৯৭০ সালের ২২ জুলাই কুমিল্লার লাকসাম থানার রামারবাগ গ্রামে তার জন্ম।
মতিনের সাত বছরের ছেলে মৌনপ্রিয় মাহিয়ান রাজধানীর উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র। তার স্ত্রী শাহিন শবনম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহবুব মতিন ক্যাম্পাস জীবন থেকেই জড়িয়ে পড়েন সাংবাদিকতায়। এর আগে দৈনিক মিল্লাত, দৈনিক রূপালী, দৈনিক ভোরের কাগজ ও দৈনিক সংবাদে কাজ করেন তিনি। চ্যানেল আই'র শুরু থেকেই সেখানে কর্মরত ছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এএনএস/এসএইচ/২২৩০ ঘ.
bdnews24