খুলনা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি নর্দান ইউনিভার্সিটির খুলনা ক্যাম্পাসের এক ছাত্র শনিবার গভীর রাতে নগরীর শেখপাড়া বাগানবাড়ি এলাকার একটি তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছেন।
নিহত সাব্বির (২২) সাতক্ষীরা সদর উপজেলার পলাশপুর গ্রামের আবু জাফরের ছেলে।
অতিরিক্ত মদ পান করে বেসামাল অবস্থায় সাব্বির ছাদ থেকে পড়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
মদ পানের অভিযোগে তার চার বন্ধু একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র রফিক আহমেদ (২১), মঞ্জু (২০), আরেফিন চৌধুরী (২৪) ও তানভীর ইসলামকে (২৪) আটক করেছে পুলিশ।
সোনাডাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেখপাড়া বাগানবাড়ি এলাকায় একটি তিনতলা ভবনের ছাদে শনিবার গভীর রাতে সাব্বির ও তার চার বন্ধু মদ পান করে। এক পর্যায়ে বেসামাল অবস্থায় সাব্বির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং তার বন্ধুদের আটক করে।
চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে সাব্বির মারা যান বলে এএসআই বজলু জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১৯ ঘ.
bdnews24