ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘদিন ধরে মোট অনুমোদিত জনবলের প্রায় এক-তৃতীয়াংশ পদই শূন্য থাকায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের কাজের গতি বাড়ানো সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন মন্ত্রী শাজাহান খান।
সচিবালয়ে নিজের কার্যালয়ে রোববার তিনি সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, এ অবস্থা থেকে উত্তরণে আগামী দুই থেকে তিনমাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।
সরকার প্রয়োজনীয় প্রক্রিয়ার মাধ্যমে এসব শূন্য পদের অর্ধেকই এ বছরের মধ্যে পূরণের উদ্যোগ নেবে বলে সাংবাদিকদের জানান মন্ত্রী।
এ সময় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আব্দুল মান্নান হাওলাদার উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী ঈদুল আযহা উপলক্ষে নৌ-পরিবহন ব্যবস্থাপনা সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন।
শূন্য পদ পূরণ প্রসঙ্গে মন্ত্রী শাজাহান খান জানান, মন্ত্রণালয়ের মোট অনুমোদিত পদের সংখ্যা ২৩ হাজার ২৪৬টি। এর মধ্যে আট হাজার ৫৬৬টি বা প্রায় এক তৃতীয়াংশ পদই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে প্রশাসনের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।
আগামী ঈদের প্রস্তুতি
ঈদুল ফিতরে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে যাত্রী পরিবহনে মন্ত্রণালয় ও সংস্থাগুলো সফল হয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, একই ব্যবস্থাপনা ঈদুল আজহাতেও বহাল রাখা হবে।
ঈদে যাত্রী ও ট্রাক পারাপারে ৪৪টি ফেরী কাজে লাগানো হবে বলে তিনি জানান। একটি ফেরী এখনো চালু করা সম্ভব হয়নি বলে উল্লেখ করেন শাজাহান খান।
এবারের ঈদে কোন ফিটনেসবিহীন নৌ-যান চলতে দেওয়া হবে না জানিয়ে মন্ত্রী বলেন, এজন্য আগামী এক মাসের মধ্যেই সব নৌ-যানের ফিটনেস পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। এ বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হবে।
ঈদে যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, "এ ব্যাপারে মালিকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তারা বর্তমান ভাড়াই আদায় করার প্রতিশ্র"তি দিয়েছেন। তবে অনেক ক্ষেত্রে টিকেট কালোবাজারি হয়। এটা বন্ধে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।"
মন্ত্রী জানান, এবারও ঈদের তিনদিন আগে থেকে কোরবানীর পশু ও নিত্যপণ্য ছাড়া অন্য কিছু পরিবহন না করার জন্য ট্রাক মালিক ও চালকদের বলা হয়েছে। ঈদের তিনদিন পর পর্যন্ত এ ব্যবস্থা চলবে। যানজট এড়াতে ঈদের আগে কোন গুরুত্বপূর্ণ সড়কে পশুর হাট বসতে না দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০৫০ঘ.
bdnews24