২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমারু মিজানসহ ৪ জঙ্গির ৫ বছর করে কারাদণ্ড

কক্সবাজারে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর আস্তানা থেকে বিস্ফোরক উদ্ধার মামলায় 'বোমারু' মিজানসহ চার জঙ্গিকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2009, 01:43 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

চট্টগ্রাম, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর আস্তানা থেকে বিস্ফোরক উদ্ধার মামলায় 'বোমারু' মিজানসহ চার জঙ্গিকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। রোববার বিকালে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক শফিকুল করিম এ রায় দেন। পাশাপাশি সাজাপ্রাপ্ত চারজনকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডেরও আদেশ দেন তিনি। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- জাহিদুল ইসলাম ওরফে সুমন ওরফে 'বোমারু' মিজান, জেএমবি কমান্ডার জাভেদ ইকবাল ওরফে মোহাম্মদ, নাইমুজ্জামান ওরফে সুমন ও আইয়ুব আলী ওরফে আবু জর। তারা কারাগারে আটক আছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আইয়ুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় চার জঙ্গিকে পাঁচ বছর করে সাজা দিয়েছেন বিচারক। "অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর জঙ্গি মশিউর রহমান ওরফে মিলনকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় জেএমবি নেতা শায়খ আবদুর রহমান ও আতাউর রহমান সানিকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।" ২০০৫ সালের ১১ ডিসেম্বর কক্সবাজার সদরের নূর পাড়া এলাকার আনোয়ারা বেগমের ভাড়া বাসায় জেএমবির আস্তানা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় সদর থানায় একটি বিস্ফোরক মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবুল হাশেম সাতজনকে অভিযুক্ত করে ২০০৭ সালের ২৮ ফেব্র"য়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০০৯ সালের ২১ মার্চ এ মামলার অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এসকে/১৯৪০ঘ.