ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর লালবাগের একটি মাদ্রাসার ওয়াকফ সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জের ধরে সম্পত্তি লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি মো. ফজলুল হক আমিনীসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
রোববার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম ফয়সাল আতিক বিন কাদের এ অভিযোগ গঠন করেন।
আগামী বছরের ৭ মার্চ এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
আমিনী ছাড়া এ মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তারা হলেন- মুফতি আবু তৈয়ব, মুফতি আবুল খায়ের, মো. আলী হোসেন, মাওলানা শফিকুর রহমান, মাওলানা খালেদ মোশাররফ, মাওলানা হেদায়েত উল্লাহ, মিজানুর রহমান ও সাইফুল ইসলাম।
এদের মধ্যে মিজানুর ও সাইফুল পলাতক রয়েছেন।
আদালতে অভিযোগটি পড়ে শুনানো হলে অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করেন।
আমিনীর বিরুদ্ধে আরো ২টি ফৌজদারি মামলা রয়েছে বলে জানিয়েছেন আমিনীর আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ ও মহিউদ্দিন চৌধুরী।
২০০৭ সালের ২৭ ফেব্র"য়ারি লালবাগের বড়কাটরার হুসাইনিয়া আশরাফুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ এবং ওয়াকফ সম্পতির মোতোয়ালী মৌলভী আব্দুর রশিদ আহম্মদ লালবাগ থানায় এ মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, ২০০৩ সালের ৯ জুন আমিনীসহ আসামিরা রশিদ আহম্মেদের ১০১ আবু হাসনাত রোড, সাত রওজার বাসায় সশস্ত্র হামলা চালায়। এসময় তারা রশিদের পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ প্রায় ৩০ লাখ টাকার সম্পদ লুটপাট করে।
মামলায় বাদীর স্ত্রী, দুই শ্যালিকাকে মারধর ও শ্লীলতাহানিরও অভিযোগ আনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এএল/এইচএ/১৮১৩ ঘ.
bdnews24