নারায়ণগঞ্জ, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ শহরের ঘনবসতিপূর্ণ হাজীগঞ্জ এলাকায় তিনটি পাচঁতলা ভবন বিপজ্জনকভাবে হেলে পড়ায় ভবন তিনটির বাসিন্দারা সরে যেতে শুরু করেছেন।
শনিবার সন্ধ্যায় হেলে পড়ার বিষয়টি নজরে আসার পর রাতেই ভয়ে আতংকে অধিকাংশ বাসিন্দা মালামাল ফেলে ভবন ছেড়ে দেন। রোববার সকালেও অনেক পরিবারকে ভবন ছেড়ে তাদের মালামাল সরিয়ে নিতে দেখা গেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, পুকুর বা জলাশয় বালু ফেলে ভরাট করে ভবন নির্মাণ করায় এক ফুটেরও বেশি পরিমান ভবন মাটির নিচে দেবে গেছে। ভবনগুলো এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে।
জেলা প্রশাসন আতঙ্কিত না হওয়ার পরার্মশ দিয়ে বলেছে, ভবনগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যায় এলাকাবাসীর নজরে আসে হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের স্কুল শিক্ষিকা হোসনে আরার পাচঁতলা বাড়িটি হেলে পড়ে দক্ষিণ পাশের দুবাই প্রবাসী আশরাফের পাচঁতলা বাড়ির সঙ্গে লেগে গেছে। পূর্ব দিক দিয়ে পাশের ইটালি প্রবাসী ভুলু মিয়ার পাচঁতলা ভবনটিও সামান্য পশ্চিম দিকে হেলে আশরাফের বাড়ির সঙ্গে ঠেকে গেছে।
হেলে পড়া ভবন তিনটি দেখতে শত শত মানুষ ভিড় জামায়।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে হাজির হন পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। ভবন তিনটির হেলে পড়া দৃশ্য দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন তারা। তাৎক্ষণিক নির্দেশ দেন ভবনে বসবাসরত পরিবারগুলোকে ভবন ছেড়ে দেওয়ার। জানমাল রক্ষার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মীর আবু তৌহিদ সাংবাদিকদের জানান, ভবন তিনটি হেলে বর্তমানে বিপজ্জনক অবস্থায় রয়েছে। ভবনগুলোতে বসবাসরত পরিবারগুলোকে অন্যত্র সরে যেতে বলা হয়েছে। ভবনগুলোর মালামালের যাতে কোন প্রকার ক্ষতি না হয় সে জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।
ভুলু মিয়ার বাড়ির তৃতীয় তলার ভাড়টিয়া রওশন আরা বেগম বলেন, "হেলে পড়া ভবনে আতঙ্কে ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে সারারাত না ঘুমিয়ে কেটেছে। কখন ভবন ভেঙ্গে পড়ে এমন ভয় সারাক্ষণ কাজ করেছে। ছেলে মেয়ে নিয়ে এ মুহূর্তে ভবন ছেড়ে যেতে পারলে বাঁচি।"
প্রতিবেশী সামসুদ্দিন জানান, ভবনগুলেতে এখনও কয়েকটি পরিবার জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে।
তিনি আরও জানান, ২০০১ সালে শিক্ষিকা হোসনে আরা বেগম চার তলার ফাউন্ডেশন দিয়ে চার তলা ভবন নির্মাণ করেন। কিন্তু পরবর্তীতে চার তলা ভবনের উপর আরো এক তলা নির্মাণ করেন তিনি।
সরজমিনে ওই ভবনে গিয়ে দেখা যায়, হেলে পড়া ভবনটির পাঁচ তলার ছাদে এবং দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ভবনটির তিন তলা থেকে পাচঁতলা পর্যন্ত অংশটি আশরাফ হোসেনের ভবনের সঙ্গে লেপটে গেছে।
ভবন মালিক আশরাফ হোসেন জানান, তার পাঁচ তলা ভবনটি ঠিকই রয়েছে। তিনি ছয়তলার ফাউন্ডেশন দিয়ে পাচঁতলা ভবন নির্মাণ করেছেন। গত কয়েকদিন ধরে দেখছেন, তার বাড়ির পূর্ব পাশের শিক্ষিকা হোসনে আরা বেগমের পাঁচ তলা ভবনটি হেলে তার ভবনের উপর পড়েছে। দক্ষিণ দিকের ভুলু মিয়ার বাড়িটিও পশ্চিম দিকে হেলে তার ভবনের উপর সেঁটে আছে। ফলে তার ভবনটিও ঝুঁকির মধ্যে পড়েছে।
তিনি জানান, তার ভবন থেকে সব ভাড়াটিয়াদের ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।
এ বিষয়ে হোসনে আরা বেগমের সঙ্গে যোগাযোগ করেও কথা বলা যায়নি।
রোববার সকালে ফায়ার সার্ভিসের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে উদ্বেগ প্রকাশ করেছে।
দলটি জানায়, ভবনগুলো পুকুর ও জলাশয়ে বালু ভরাট করে নির্মাণ করায় দুটি ভবন এক ফুটেরও বেশি মাটির নিচে দেবে গেছে। এখন সামান্য ভুমিকম্পে ধসে পড়ার আশংকা রয়েছে। বড় রকমের কোন দুর্ঘটনা ঘটলে উদ্ধার তৎপরতা চালাতেও বেশ অসুবিধায় পড়তে হবে।
নারায়ণগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম খান জানান, নিরাপত্তার স্বার্থে ভবনের মালিক ও ভাড়াটিয়াদের সরে যেতে বলা হয়েছে। তবে এ মুহূর্তেই বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম।
জেলা প্রশাসক সামছুর রহমান বলেন, "ভবন হেলে পড়ার বিষয়টি রাজউকের চেয়ারম্যানকে জানানো হয়েছে। রাজউক বিশেষজ্ঞ দল পাঠাবে ভবনগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য। বিশেষজ্ঞ দলটি যে মতামত দিবে তার ভিত্তিতে ব্যবস্থা নেব আমরা।"
এ মুহূর্তে ভবনের বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে বলে তিনি জানান।
পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন ঘটনাস্থল পরির্দশন করে পুলিশকে দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৪ ঘ.
bdnews24