চট্টগ্রাম, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডে শিপইয়ার্ডে জমি দখল এবং চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাংসদ আবুল কাশেম মাস্টারের ছেলে এস এম আল মামুনের সহযোগী মাহমুদুল হাসান মান্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মান্নাকে গ্রেপ্তারে সাংসদের সহায়তা দেওয়ার আশ্বাসের পরপরই তাকে গ্রেপ্তার করা হলো।
গত বুধবার সীতাকুণ্ডের কুমিরার আলেকদিয়া সমুদ্র উপকূলবর্তী এলাকায় মামুন তার সহযোগী নিয়ে চারটি শিপ ইয়ার্ড অবৈধভাবে দখল করে নেয় বলে অভিযোগ উঠেছে।
ওই সময় সংবাদ সংগ্রহের জন্য সেখানে গেলে মামুনের উপস্থিতিতে মান্নার নেতৃত্বে প্রথম আলোর দুজনসহ কয়েকজন সাংবাদিকের ওপর হামলা হয়। এ ঘটনায় একটি মামলা হয়।
ওই মামলায় মান্নাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার রাতে চট্টগ্রাম নগরীর খুলশী থানার গরিবুল্লাহ শাজ মাজার এলাকা থেকে মান্নাকে গ্রেপ্তার করা হয়।"
সীতাকুণ্ডের ওই ঘটনার জন্য শনিবার বিকেলে সাংসদ কাশেম মাস্টার প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে গিয়ে দুঃখ প্রকাশ করেন।
মান্নাকে গ্রেপ্তারে সাংসদ সহযোগিতার আশ্বাস দেন বলে জানান প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ের রিপোর্টিং ইনচার্জ মামুন আবদুল্লাহ।
প্রথম আলোর প্রতিবেদক রাশেদ মাহমুদের দায়ের করা মামলায় সাংসদের দুই ছেলে ও মান্নাসহ ২০ জনকে আসামি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৫০০ ঘ.
bdnews24