সিলেট, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট সদর উপজেলার ধোপাগুল গ্রামে শুক্রবার রাতে ডাকাতির সময় দুই ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হল- ধোপাগুল গ্রামের হাবিবুর রহমান (২২) এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কারনিচর গ্রামের আলকাছ (৬০)।
সিলেট কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, ভোর ৪টার দিকে ধোপাগুল গ্রামের জিল্লুর রহমানের বাড়িতে ৮/৯ জন ডাকাত ঢুকে নগদ ১৮ হাজার টাকা, সাত ভরি স্বর্ণালংকার এবং চারটি মোবাইল ফোন সেটসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন বাড়ি ঘেরাও করে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই টাকাসহ লুণ্ঠিত মালামাল নিয়ে কয়েকজন ডাকাত পালিয়ে যায়। বাকি দুই ডাকাতকে লুণ্ঠিত কিছু কাপড়সহ গ্রেপ্তার করা হয়।
তাদের থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৩৫ ঘ.
bdnews24