২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ইউপিডিএফ'র হরতাল চলছে

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর ডাকা হরতাল চলছে। ইউপিডিএফ এর একজন নেতার অন্তেষ্টিক্রিয়ায় যোগ দিতে সংগঠনের নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ এনে সেনাবাহিনীর খাগড়াছড়ি অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরীফ আহম্মেদ ও লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদকে প্রত্যাহারের দাবিতে শুক্রবার অনির্দিষ্টকালের এ হরতাল ডাকা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2009, 12:38 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

খাগড়াছড়ি, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর ডাকা হরতাল চলছে। ইউপিডিএফ এর একজন নেতার অন্তেষ্টিক্রিয়ায় যোগ দিতে সংগঠনের নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ এনে সেনাবাহিনীর খাগড়াছড়ি অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরীফ আহম্মেদ ও লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদকে প্রত্যাহারের দাবিতে শুক্রবার অনির্দিষ্টকালের এ হরতাল ডাকা হয়। হরতালের পাশাপাশি ১৪ অক্টোবর জেলাজুড়ে সড়ক অবরোধ কর্মসূচিসহ আরও কিছু কর্মসূচি ঘোষণা করেছে ইউপিডিএফ। হরতালের প্রথম দিন শনিবার দুপুরে সংগঠনের কর্মীরা বাইলাছড়ি এলাকার একটি সেতুর পাটাতন তুলে ফেলে। বিকেল পৌনে ৬টায় খাগড়াছড়ি সদরে হরতালের সমর্থনে মিছিল করে সংগঠনটি। সেনা তত্ত্বাবধানে লক্ষীছড়ি ও মানিকছড়িতে সকালের দিকে এক ঘণ্টা যানবাহন চলাচল করলেও পরে তা বন্ধ হয়ে যায় বলে ইউপিডিএফ এর নেতা উজ্জ্বল স্মৃতি চাকমা দাবি করেছেন। বিকেলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে লে. কর্নেল শরীফুল ইসলাম শরিফের শাস্তি এবং ইউপিডিএফ এর কেন্দ্রীয় নেতা রুই খই মারমার খুনীদের অবিলম্বে গ্রেপ্তার দাবি করা হয়। ইউপিডিএফ এর কর্মসূচির মধ্যে আরও রয়েছে- লক্ষীছড়ির স্কুল ও কলেজে ১১ থেকে ১৩ অক্টোবর কালো ব্যাজ ধারণ, ১২ অক্টোবর প্রতিটি থানা সদরে বিক্ষোভ। গত ২ অক্টোবর স্থানীয় 'মুখোশ বাহিনী'র হাতে ইউপিডিএফ এর কেন্দ্রীয় নেতা রুই খই মারমা খুন হন। শুক্রবার তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়ার পথে প্রথমে চিটাগাং হিল ট্র্র্যাক্টস ন্যাশনাল ফোরাম (সিএইচটিএনএফ) সদস্যরা এবং পরে সেনা ও পুলিশ সদস্যরা সংগঠনটির নেতাকর্মীদের বাধা দেয় বলে অভিযোগ করেছে ইউপিডিএফ। খাগড়াছড়ির ইউপিডিএফ নেতা অং গ্রজাই জানান, শুক্রবার দুপুরে রুইখই এর বাড়িতে যাওয়ার পথে লক্ষ্মীছড়ি বাজারে ইউপিডিএফ কার্যালয়ে প্রথমে সিএইচটিএনএফ সদস্যরা তাদের বাধা দেয়। পরে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল শরিফ আহমেদ ও লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহমেদ ইউপিডিএফ কার্যালয়ে গিয়ে ওই অনুষ্ঠানে না যাওয়ার জন্য কৌশলে তাদের চাপ দেন। এতে ব্যর্থ হয়ে গুচ্ছগ্রামের বাসিন্দাদের উসকে দিয়ে তাদের হয়রানির চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন অং গ্রজাই। ইউপিডিএফ নেতা মিলন চাকমা জানান, সিএইচটিএনএফ নেতা-কর্মীদের হামলায় তাদের কমপক্ষে ছয় কর্মী আহত হয়েছে। এছাড়া আরও তিন কর্মী নিখোঁজ রয়েছে বলেও দাবি করেন তিনি। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর পরিচালক লে. কর্নেল গাজী কবিরুল ইসলাম জানান, এ বিষয়ে তাদের কিছু জানা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৮৩৫ ঘ.