পটুয়াখালী, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে পটুয়াখালী প্রেসক্লাবের ছয়দিনের কর্মসূচির তৃতীয় দিনে শুক্রবার সাংবাদিকরা কলম ভাঙা কর্মসূচি পালন করেছেন।
সকাল ১১টায় পটুয়াখালী প্রেসক্লাব এর সামনে সদর রোডে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন- পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি নির্মল কুমার রক্ষিত, সাংবাদিক শংকর লাল দাস, আবু জাফর খান প্রমুখ।
গত ৮ সেপ্টেম্বর দুটি পত্রিকার গলাচিপা প্রতিনিধির বিরুদ্ধে থানায় মামলা হয়। এ বিষয়ে পরদিন খোঁজ নিতে পটুয়াখালী থেকে একদল সাংবাদিক গলাচিপায় গেলে তারা দুর্বৃত্তদের হাতে লাঞ্ছিত হন। এ ঘটনায় সাংবাদিকদের পক্ষে থানায় দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়নি।
সাংবাদিকদের লাঞ্ছিত করার প্রতিবাদে গত ৫ অক্টোবর পটুয়াখালী প্রেসক্লাবের এক সাধারণ সভায় ছয়দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচি অনুযায়ী বুধবার এর আগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীকে স্বারকলিপি দেওয়া হয়। বৃহস্পতিবার মুখে কালোকাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচি পালন করে সাংবাদিকরা।
কর্মসূচির মধ্যে আরও আছে- শনিবার প্রতিবাদ সমাবেশ, পরদিন অবস্থান ধর্মঘট এবং ১৪ অক্টোবর পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৫ ঘ.
bdnews24