২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে ২৫ জন আহত

স্কুল ছাত্রীদের উত্যক্ত করার জের ধরে শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শরিফপুরে বিবদমান দু'দলের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2009, 11:23 AM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্কুল ছাত্রীদের উত্যক্ত করার জের ধরে শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শরিফপুরে বিবদমান দু'দলের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর আলম সিদ্দীকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুল ছাত্রীদের উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন আগে দুদলের সংঘর্ষ হয়। শুক্রবার সকালে এ নিয়ে সালিশ বসে। সালিশের শেষ পর্যায়ে আবারও সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টা স্থায়ী সংঘর্ষে আহতদের মধ্যে হানিফ মিয়া (৩৫), আনোয়ার হোসেন (২২), আবদুল নূর (১৬), রাসেল (১৮) ও রিফাতকে (১৮) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবার যাতে সংঘর্ষ না হয় সেজন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭১২ ঘ.