২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএম সুলতানের মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী শনিবার। এ উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন, এসএম সুলতান ফাউন্ডেশন, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2009, 05:27 AM

Updated : 26 Aug 2022, 12:10 PM

নড়াইল, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী শনিবার। এ উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন, এসএম সুলতান ফাউন্ডেশন, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সুলতান ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। নড়াইলের জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকালে শিল্পীর সমাধিতে পুষ্পমাল্য অর্পন ও মাজার জিয়ারত, মিলাদ মাহফিল ও কুরআন খানি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা হবে। এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দিবসটি উপলক্ষে শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশন শিশুদের নৌকা ভ্রমণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভার আয়োজন করেছে। জন্মভূমি নড়াইলের চিত্রা নদীর তীরে মাছিমদিয়া গ্রামে চিয়শয়ানে রয়েছেন সুলতান, যিনি স্থানীয়দের কাছে লাল মিয়া নামেই পরিচিত ছিলেন। তার জন্ম ১৯২৩ সালের ১০ আগস্ট মাছিমদিয়া গ্রামের মেছের আলি ও মাজু বিবির সংসারে। খুব কাছে থেকে দেখে এদেশের মানুষ, প্রকৃতি জীবনাচারণকে চিত্রকর্মে মূর্ত করে তোলেন চিরকুমার ও বোহেমিয়ান জীবন-যাপনে অভ্যস্ত সুলতান। নানা দেশ ঘুরেছেন, নানা পুরস্কার পেয়েছেন। কিন্তু তারপরও জন্মভূমি নড়াইলেই থিতু হতে চেয়েছেন বারবার। প্রাতিষ্ঠানিক যোগ্যতা না থাকলেও সহজাত অঙ্কনকুশলতা আর অদম্য আগ্রহের কারণে বিশেষ বিবেচনায় তাকে ভর্তি করেছিল কলকাতা আর্ট কলেজ। কিন্তু শিক্ষা অসমাপ্ত রেখেই সেখান থেকে দেশভ্রমণে বেরিয়ে পড়েন সুলতান। প্রথমে ভারতের বিভিন্ন রাজ্য তারপর তদানীন্তন পশ্চিম পাকিস্তান। ছুটেছেন পশ্চিমেও, সেখানে প্রদর্শনী করেছেন সালভাদর দালি, পাবলো পিকাসোর মতো বিখ্যাত শিল্পীদের সঙ্গে। ইউরোপ ও আমেরিকা ঘুরে ১৯৫৩ সালে আবার দেশেই ফিরে আসেন সুলতান। কিছুদিন ঢাকা আর্ট কলেজের ছাত্রাবাসে অবস্থান করে ফিরে আসেন নড়াইলে। ফিরেও স্থির হয়ে থাকেননি। ঘুরে বেড়িয়েছেন এক স্থান থেকে অন্য স্থানে। ১৯৭৬ সালে ঢাকায় শিল্পকলা একাডেমিতে একক চিত্র প্রদর্শনীর মাধ্যমে মূলত এ দেশের নাগরিক সমাজের সঙ্গে তার পরিচয় ঘটে। বর্ণময় জীবনে শিল্পী সুলতান জাতীয় এবং আন্তর্জাতিক নানা পুরস্কার লাভ করেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বাংলার এ শিল্পীকে ম্যান অফ অ্যাচিভমেন্ট সম্মাননা দিয়েছে তাকে। ১৯৮২ সালে পান একুশে পদক এবং ১৯৯৩ সালে তাকে দেওয়া হয় স্বাধীনতা পদক। শিল্পী সুলতানের ঘটনাবহুল জীবনকে সেলুলয়েডের পাতায় ধরেছেন চলচ্চিত্রকার তারেক মাসুদ; প্রামাণ্যচিত্র 'আদম সুরত' এর মাধ্যমে। এছাড়া সুলতানকে নিয়ে আলোকচিত্রী নাসির আলী মামুন বের করেছেন 'গুরু' নামে একটি বই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১১৫ ঘ.