ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বিরুদ্ধে শাহিনা সুলতানা শান্তার করা মামলার তদন্তের দায়িত্বভার দু'একদিনের মধ্যে গোয়েন্দা পুলিশ নেবে।
বর্তমানে এ মামলার তদন্ত করছে মোহাম্মদপুর থানা পুলিশ ।
মামলার মূল আসামী কোহিনূর মিয়াকে গ্রেপ্তারের জন্য গতকালও পুলিশ চেষ্টা চালায়। কিন্ত তাকে পাওয়া যায়নি।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভুঁইয়া মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালতের নির্দেশে প্রথমে মামলাটি ধানমন্ডি থানা পুলিশ নেয়। কিন্তু ঘটনাস্থল মোহাম্মদপুর থানা এলাকায় হওয়ায় পরে মামলাটি মোহাম্মদপুর থানা পুলিশ গ্রহণ করে।
মামলাটি গ্রহণের পর তদন্ত শুরু করে মোহাম্মদপুর থানা পুলিশ।
তিনি জানান, পুলিশ কমিশনারের নির্দেশে ২/১ দিনের মধ্যে মামলাটির তদন্তের দায়িত্ব নেবে গোয়েন্দা পুলিশ। এরপরও থানা পুলিশ মামলার আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে বৃহস্পতিবার হাইকোর্টে কোহিনূর মিয়াসহ আসামীরা আত্মসমর্পণ করতে পারেন এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একাধিক সদস্যকে হাইকোর্টের আশপাশে অবস্থান নিতে দেখা যায়।
নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা পুলিশের পরিদর্শক পদমর্যাদার এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলাটি কাগজ-কলমে এখনও তাদের কাছে না আসলেও প্রথম থেকেই আসামীদের গ্রেপ্তারের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মামলার তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এজাহারে তখনকার উপ-কমিশনার (দক্ষিণ) মাজহারুল হক, উপ-কমিশনার (পশ্চিম) কোহিনূর মিয়া ও কনস্টেবল রুহুল আমীনের নাম উল্লেখ রয়েছে। বাকিদের অজ্ঞাতনামা বলা হয়েছে।
বর্তমানে বাদীর কাছ থেকে আরো ১০/১২ জনের নাম পাওয়া গেছে। এদের মধ্যে মহিলা পুলিশ সদস্যও রয়েছেন। এসব খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।
ইতোমধ্যে মাজহারুল হক এবং কোহিনূর মিয়াকে অসদাচরণের দায়ে চাকরি থেকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে।
এছাড়া শান্তার দায়ের করা মামলায় গত রোববার হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়া।
গত ৩০ সেপ্টেম্বর কোহিনূর মিয়াসহ তিনজনের বিরুদ্ধে শান্তার করা মামলাটি পুনরুজ্জীবিত হয়।
এর আগের দিন শান্তার জবানবন্দি গ্রহণ করে মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এমদাদুল হক বাতিল মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
২০০৬ সালের ১২ মার্চ ধানমণ্ডির রাপা প্লাজার সামনে শান্তা পুলিশি নির্যাতনের শিকার হন। সেদিন তখনকার বিরোধী দল আওয়ামী লীগের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি চলছিলো। শান্তা তখন তার ছেলেকে বিদ্যালয় থেকে নিয়ে বাসায় ফিরছিলেন।
এর দু'দিন পর ১৪ মার্চ শান্তা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ঢাকা মহানগর পুলিশের তখনকার উপ-কমিশনার (দক্ষিণ) মাজহারুল হক, উপ-কমিশনার (পশ্চিম) কোহিনূর মিয়া ও কনস্টেবল রুহুল আমীনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে একটি মামলা করেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্ত শেষে সিআইডি কর্মকর্তা আলী হায়দারী ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
শান্তা ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ওই প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি দাখিল করেন। পুলিশের বিরুদ্ধে তদন্তকারী হিসেবে পুলিশ নিরপেক্ষ থাকতে পারে না দাবি করে ঘটনাটির বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন নির্যাতিত শান্তা।
কিন্তু তখনকার মহানগর হাকিম শফিক আনোয়ার বিচার বিভাগীয় তদন্ত করে ঘটনাটি সঠিক নয় মন্তব্য করে প্রতিবেদন জমা দেন। পরে শান্তা এতে নারাজি আবেদন করলে তা নামঞ্জুর করা হয়। ওই নামঞ্জুর আদেশের বিরুদ্ধে একই বছরের ৩০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রিভিশন (পুনর্বিবেচনা) আবেদন করেন শান্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/২২৫৪ ঘ.
bdnews24