ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঘড়ির কাটা এক ঘন্টা এগিয়ে আনার ফলে বিদ্যুতের চাহিদা প্রায় দুই শ' মেগাওয়াট কমেছে বলে সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামূল হক।
বৃহস্পতিবার সাংসদ নিলুফার চৌধুরী মনির এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, "বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ঘড়ির কাটা এক ঘন্টা এগিয়ে আনা হয়েছে। এর ফলে বিদ্যুতের চাহিদা প্রায় দুই শ' মেগাওয়াট হ্রাস পেয়েছে। লোডশেডিং-এর মাত্রা আগের তুলনায় কিছুটা কমেছে।''
গত ১ জুন মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎসঙ্কট মোকাবেলায় সূর্যালোকের ব্যবহার বাড়াতে ঘড়ির কাঁটা একঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্ত হয়। ১৯ জুন রাত ১১টায় রাজউকের ঘড়ি আনুষ্ঠানিকভাবে এক ঘন্টা এগিয়ে এনে রাত ১২টা করা হয়।
ওই সময় আনুষ্ঠানিকভাবে জানানো হয়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ ব্যবস্থা অব্যাহত থাকবে।
সংসদে অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বিদ্যুতের সিস্টেম লস শতকরা ১৫ ভাগ কমিয়ে আনা হয়েছে।
কুমিল্লা-৮ আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী সংসদকে জানান, চলতি বছরের ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত সারা দেশে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানের আওতায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ৩ হাজার ৬২৮ টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এসএইচ/১৯৩৭ ঘ.
bdnews24