২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগ ও বুড়িগঙ্গা ভরাট বন্ধ করতে সরকারকে নির্দেশ

রাজধানীর দুটি নদী তুরাগ ও বুড়িগঙ্গা অবৈধভাবে ভরাট বন্ধে পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে নদী দুটির যে সব জায়গায় অবৈধ দখল ও ভরাট চলছে তা পরিদর্শন করে আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদনও চেয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2009, 10:11 AM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দুটি নদী তুরাগ ও বুড়িগঙ্গা অবৈধভাবে ভরাট বন্ধে পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে নদী দুটির যে সব জায়গায় অবৈধ দখল ও ভরাট চলছে তা পরিদর্শন করে আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদনও চেয়েছে আদালত। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকার জেলা প্রশাসক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে এ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পরিবেশবাদী সংগঠন 'হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ'র আবেদনে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। আদালত আবেদনটির পরবর্তী শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর দিন ঠিক করেছে। তুরাগ নদীর অবৈধ ভরাট বন্ধে সরকারের প্রতি নির্দেশ চেয়ে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে পরিবেশবাদী সংগঠনটির পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বুধবার আবেদন করেন। আবেদনে বলা হয়, গত ২৪ জুন হাইকোর্ট ঢাকার চারপাশের চারটি নদী-বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু বাঁচাতে সীমানা নির্ধারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সরকারের প্রতি বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছিল। তা সত্ত্বেও তুরাগ নদী বালু দিয়ে অবৈধভাবে ভরাট করা হচ্ছে। এ বিষয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনও আবেদনের সরেঙ্গ তুলে ধরা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এমআই/১৬০০ ঘ.