ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের নীতি নির্ধারণে বাংলাদেশের অংশ গ্রহণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। মিশনে নেওয়া হচ্ছে ১৪০ জন নারী পুলিশকে।
জাতিসংঘ আন্ডার সেক্রেটারি জেনারেল (শান্তি রক্ষা কার্যক্রম) অ্যালিয়ান লি রয় বৃহস্পতিবার ঢাকায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকের পর জাতিসংঘ কর্মকর্তা আরও বলেন, ঢাকায় শান্তি রক্ষা মিশনের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও জাতিসংঘের রয়েছে।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে শান্তি মিশনে কাজ করতে বাংলাদেশ পুলিশের ১৪০ নারী সদস্যকে নেওয়া হচ্ছে।
অ্যালিয়ান এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবীনের সঙ্গেও বৈঠক করেন তিনি।
গত ২৬ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৪তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোর পরিকল্পনা ও কৌশলে পরিবর্তন এনে সমানুপাতিক ভিত্তিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সদস্য দেশগুলোর সমর্থন চান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএ/এমআই/১৫২৫ ঘ.
bdnews24