ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাযজ্ঞ মামলায় আরও তিন বিডিআর সদস্য আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের তিনজন বিচারক ওই তিন বিডিআর সদস্যের জবানবন্দি নেন।
এই তিনজন হচ্ছেন সিপাই মো. আজিজুর রহমান, সিপাই গোলাম নবী এবং ল্যান্স নায়েক জাহাঙ্গীর আলম।
আজিজুরের জবানবন্দি নেন হাকিম শাহাদাত হোসেন। গোলাম নবীর জবানবন্দি নেন হাকিম তানিয়া কামাল এবং জাহাঙ্গীর আলমের জবানবন্দি নেন হাকিম ফয়সাল আতিক বিন কাদের।
সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপপরিদর্শক রতন শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদেরকে দুই দফায় ৬ দিন রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়।
স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে এই তিন বিডিআর সদস্যকে কারাগারে পাঠানো হয়।
রতন শেখ আরও জানান, এ মামলায় এ পর্যন্ত ৪শ ৫০ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২০৪৫ ঘ.
bdnews24