সিলেট, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে চাঁদাবাজির অভিযোগে বুধবার ছাত্রলীগ ও যুবলীগের তিনজনকে আটক করা হয়েছে।
দায়িত্বরত আনসার ভিডিপি সদস্যরা তাদের আটক করে পুলিশে দেয়।
এরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গুলজার হোসেন, স্থানীয় যুবলীগ নেতা জমসেদ মিয়া ও আব্দুল কুদ্দুস।
কোম্পানীগঞ্জ আনসার ভিডিপি কর্মকর্তা খলিলুর রহমান জানান, সকাল ১১টার দিকে আটক তিনজনসহ ১০/১২ জন কোয়ারিতে কর্মরত শ্রমিকদের কাছে চাঁদা দাবি করে। সেখানে না পেয়ে আনসার ভিডিপি সদস্য তুরণ মিয়ার কাছে ১০ হাজার টাকা চাঁদা চায়। তিনিও দিতে অস্বীকৃতি জানালে তারা হইচই করে এবং টেবিল চাপড়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে।
এ সময় অন্য আনসার সদস্যরা এসে তাদের আটক করে পুলিশে খবর দেয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, আনসার ক্যাম্পে চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে মামলা হিসেবে রেকর্ড করে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২০ ঘ.
bdnews24